মাহবুবুর রব সাদী: অকুতোভয় বীর

তাঁকে দেখলেই মানুষের ভিড় লেগে যেত। ব্যবসা ফেলে দোকানিও শরিক হতেন সেই দলে। আপামর মানুষের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল সহজাত। মানুষকে সহজে আপন করে নেওয়ার জাদুমন্ত্রে তরুণ বয়স থেকেই খ্যাপাটে মাহবুবুর রব সাদী ছিলেন অন্য দশজনের চেয়ে আলাদা। দিনে দিনে তিনি হয়ে ওঠেন আশপাশের সুবিধা বঞ্চিত মানুষের আপদে-বিপদে ভরসার নাম।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাহাড়ি দিনারপুর পরগনার বনগাঁও গ্রামে তাঁর জন্ম। কিশোর বয়সেই বাবা দেওয়ান মামুন চৌধুরীর সব সময় চিন্তা ছিল তাঁকে নিয়ে। কারণ কখনো বাড়ির গাছ এমনকি ধানি জমি বিক্রি করে দিতেন তিনি। কারও প্রয়োজনে নিজের কিছু ছেড়ে দিতে সিদ্ধহস্ত ছিলেন সাদী।
লোকমুখে মাহবুবুর রব সাদীর এমন নানা গল্প আজও এলাকাবাসীর গল্পের খোরাক। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত বীরপ্রতীক খেতাব অবলীলায় প্রত্যাখ্যান করে জাতীয় দৈনিকে বিবৃতি দিয়েছিলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার ছিলেন। তাঁর নেতৃত্বে ছিল জালালপুর সাবসেক্টর। ১৯৭২ সালে খেতাব ঘোষিত হওয়ার পরই তিনি খেতাব প্রত্যাখ্যান করে সংবাদপত্রে বিবৃতি দেন। যদিও সে বিবৃতি ছাপা হয়নি সে সময়।
১৯৯২ সালে ২৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদক বিতরণ করলে, তিনি তা গ্রহণ করেননি। এই বিষয়ে দৈনিক আজকের কাগজ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে সাদী বলেন ‘বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন যে সাতজন, তাঁদের সবাই সামরিক বাহিনীর সদস্য। তাহলে কি সামরিক বাহিনীর সদস্যের বাইরে অন্য একজনও মুক্তিযুদ্ধে এমন মাত্রার বীরত্ব প্রদর্শন করেননি? আমি নিজে অন্তত তিনজনের কথা জানি, যাঁদের বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত বলে মনে করি। এরা হলেন আমার সাব-সেক্টরের দ্বিতীয় কমান্ডার শহীদ নিজাম উদ্দিন বীরউত্তম, তাঁর গাইড রফিক বীরপ্রতীক ও ৫নং সেক্টরের জগৎ জ্যোতি দাশ।’
সাদী বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন পদক পেয়েছেন, তাঁদের বীরত্ব ও অবদানকে খাট করি না। কিন্তু অন্য যারা আরও বেশি বীরত্ব ও অবদান রেখেও যথাযথ মূল্যায়ন পাননি, তাঁদের আত্মার প্রতি সম্মান দেখাতেই আমি খেতাব ও পদক বর্জন করি।’
যে ঘটনার জন্য তাঁকে পদক দেওয়া হয়, সেটি ছিল কানাইঘাট থানা আক্রমণ ও অস্ত্র লুণ্ঠন। হবিগঞ্জের স্বাধিকার পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে মাহবুবুর রব সাদী বলেছিলেন, সেটি ছিল তাঁদের শত্রুর সঙ্গে প্রথম মুখোমুখি সশস্ত্র মোকাবিলা। ২৪ জনের একটি মুক্তিযোদ্ধা দল নিয়ে তাঁরা যান ওই অপারেশনে। ১০ জনকে আলাদা করে পাঠিয়ে দেওয়া হয় এলাকার বড় দালালকে ধরার জন্য। বাকি ১৪ জনসহ তিনি যখন থানার একেবারে কাছে পৌঁছান, তখন গাইড তাঁকে থানা চিনিয়ে দিলে সবাইকে পজিশন নিতে বলে তিনি নিজে যান সেন্ট্রিকে নিরস্ত্র করতে। এ ধরনের অপারেশনে কাজটি করতে হয় নীরবে, যা খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণত সিপাহিরা এ কাজ করেন। কিন্তু সাদী সাবসেক্টর কমান্ডার হয়েও নিজেই এ কাজে যান।
ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সাদী। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। স্কুলজীবনে নিজ এলাকায় গড়ে তুলেছিলেন দিনারপুর কৃষক প্রগতি সংঘ। ১৯৬১-৬২ সালে তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ১৯৬৩-৬৪ সালে মৌলভীবাজার কলেজের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৩ সালে মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি হিসেবে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেন।
সাদী জানান, একাত্তরের ২৪ মার্চ রাতে তিনি নবীগঞ্জে আসেন। ২৬ মার্চ সকালে অনেক ডাকাডাকিতে ঘুম ভেঙে শুনতে পান ঢাকায় যুদ্ধ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধুর নাম স্বাক্ষরিত একটি টেলিগ্রাম হাতে আসে তাঁদের। সাদীর ভাষায়, ‘টেলিগ্রামের ভাষাটি হুবহু আমার মনে নেই। তবে বক্তব্যটি ছিল, “বিশ্বাসঘাতক পাক সেনারা আমাদের ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালিয়েছে। অসংখ্য নর-নারীকে হত্যা করেছে। যার যা কিছু আছে, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন।” সঙ্গে সঙ্গে আমি নবীগঞ্জের পূর্ব প্রান্তে পাহাড়ি অঞ্চল দিনারপুরে চলে যাই। সেখানে কিছু সাহসী তরুণদের সংঘটিত করি। এলাকার সব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করি। সৈয়দ ছানাওর আলী নামে একজন অবসরপ্রাপ্ত সুবেদারের নেতৃত্বে প্রশিক্ষণ গ্রহণ করি। শেরপুরে যুদ্ধ শুরু হলে কিছুসংখ্যক তরুণকে নিয়ে ওই সেক্টরের দায়িত্বে নিয়োজিত কর্নেল জামানের অধীনে যুদ্ধ অংশগ্রহণ করি। শেরপুর যুদ্ধে হবিগঞ্জের ফুটবল খেলোয়াড় মহফিল হোসেন (কলার বাপ) শত্রুর বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। আর মারাত্মকভাবে আহত হন মৌলভীবাজারের কিশোর মুক্তিযোদ্ধা টুটুল। তারও পরে সিলেট শহরের কাছে তৎকালীন ক্যাপ্টেন (পরবর্তীতে মেজর জেনারেল) আজিজ আহত হন। পাকিস্তানি হায়নাদের অত্যাধুনিক অস্ত্রের সামনে টিকে থাকতে না পেরে আমরা ভারত পালিয়ে যেতে বাধ্য হই। প্রথমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তত্ত্বাবধানে ত্রিপুরা সীমান্তে আশরাফবাড়ী নামক স্থানে আমাদের প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীতে শিলচর এলাকায় ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিই।
ভারত গিয়ে প্রথম প্রশিক্ষণেই সাদী ক্যাম্প কমান্ডার হন। পরে তাঁকে অফিসার ট্রেনিংয়ে ডাকা হলে তিনি তাতে অস্বীকৃতি জানান। তিনি ভারতীয় কর্মকর্তাদের বলেন, এখন আর প্রশিক্ষণ নিয়ে নষ্ট করার মতো সময় নেই। তিনি যুদ্ধে যেতে চান। ভারতীয়রা তাঁকে কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বললে তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়াই তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিলে তিনি রাজি আছেন। তা না হলে তাঁর কর্মকর্তা হওয়ার দরকার নেই। পরে তাঁকে সাব-সেক্টর কমান্ডার করা হয়। যদিও তিনি সামরিক বাহিনীর লোক ছিলেন না। তিনি ছিলেন রাজনীতিক এবং রাজনৈতিক চেতনা থেকেই তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে মাহবুবুর রব সাদী সংসদ সদস্য নির্বাচিত হন। কবি, লেখক, সুবক্তা হিসেবেও তাঁর ছিল খ্যাতি। ছোটদের বড়দের সবার প্রিয় মাহবুবুর রব সাদী মারা যান ১৭ অক্টোবর ২০১৬। শোকাতুর মানুষের ঢল আর তাঁকে নিয়ে স্মৃতিতর্পণের টুকরো টুকরো ঘটনাগুলো জানান দেয়, আপামর মানুষের ভালোবাসা ও নির্ভরতার প্রতীক প্রিয় নেতা মাহবুবুর রব সাদীর দেহত্যাগ হয়েছে মাত্র।