
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২৩ জুলাই বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘উই আর দি পিপল’।
লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শওকত আলী দেশের অস্তিত্ববিরোধী কার্যকলাপের তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ ও অর্থ হারিয়ে যাওয়ার নাটকে সরকারের নির্লিপ্ততাকে তিনি রহস্যজনক বলে উল্লেখ করেন।
সমাবেশে টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালক ইলিয়াস হোসাইন মাহমুদুর রহমানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। দেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমেরিকায় এসে ট্যাক্সি চালাতে হচ্ছে। দেশপ্রেমিক অনেকে শুধু একটি ডাকের অপেক্ষায় রয়েছে।
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে ১৪ থেকে ১৫ শত কোটি ডলার ভারতে পাঠাচ্ছে অথচ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে সরকারি চাকরি নিষিদ্ধ।
মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, এদের মতো পিশাচরা পিঠে ছুড়ি মারতেই অভ্যস্ত। এসব আক্রমণকারী দেশের অস্তিত্বে বিশ্বাস করে না বলেই ভারতের তাঁবেদারিকে নিজ ধর্ম হিসেবে মেনে নিয়েছে। দেশের কোটাবিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কোটা চাই না। মুক্তিযোদ্ধাদের কোটায় ভারতীয়দের চাকরি দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
উই আর দি পিপলের শামসুন্নাহার নিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অনেক কথা বলা হয়েছে। এবার কাজের পালা। শুধু কথা ও ফেসবুকের মধ্যে রাজনীতি ও সমাজনীতি আটকে আছে বলেই পরগাছা ধরনের লোকজন মাহমুদুর রহমানের মতো বিশাল ব্যক্তিত্বের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে। দেশের কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নিরা বলেন, ‘মুক্তিযুদ্ধ বাংলাদেশিরা করেছে। সনদ আর চাকরি পায় অন্যরা।’
বিক্ষোভ সমাবেশের মূল বক্তা উই আর দি পিপলের অধ্যক্ষ জেকব মিল্টন মাহমুদুর রহমানের ওপর আক্রমণের বর্ণনা দিতে গিয়ে বলেন, সরকারের কার্যকলাপের কট্টর সমালোচক মাহমুদুর রহমানের ওপর হামলাকে স্রেফ একপাল হায়েনার পশুত্বের বহিঃপ্রকাশের সঙ্গেই তুলনা করা যায়। এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রক্তের হলি খেলা আগেই শুরু হয়েছে।
জেকব মিল্টন মিল্টন তাঁর বক্তব্যে বলেন, ভাষার জন্য বাংলাদেশিরা আন্দোলন করলেও আজ তারা স্বাধীন দেশে বসে নিজেদের ভাষার প্রয়োগটুকু পর্যন্ত করতে পারছে না। কেউ যদি সত্যি কথা বলার চেষ্টাও করে তাকে গুম ও খুনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, মাহমুদুর রহমানের দোষ একটাই। তিনি যথাসময়ে যথাযোগ্য স্থানে যথাযোগ্য বিষয়ে যথাযোগ্য শব্দের ব্যবহার করেন। মাহমুদুর রহমান বলেছেন, ‘আমার বয়স ৬৫ বছর। আমার কোনো ছেলেমেয়ে নেই। আমাকে মেরে ফেলবে? আমি দেশের জন্য এবং ১৭ কোটি মানুষের জন্য যেকোনো সময় জীবন দিতে দিতে তৈরি।’ মিল্টন বলেন,
মিল্টন বাংলাদেশিদের উদ্দেশে বলেন, শুধু সচেতন থাকলেই চলবে না। প্রতি বাংলাদেশিকে দেশের অস্তিত্বের স্বার্থে সক্রিয় হতে হবে।
পরিশেষে মিল্টন দেশের এবং বিদেশের বিশেষ করে আমেরিকায় সাংবাদিক পেশায় নিয়োজিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘প্রমাণ করুন যে আপনারা সত্যের পূজারি। প্রমাণ করুন যে আপনারা এক মহান পেশায় নিয়োজিত। কাপুরুষের মতো লেজুড়বৃত্তি করবেন না। নিজ স্বার্থ রক্ষার্থে সাংবাদিকতা করবেন না।’
সমাবেশে মোয়াজ্জেম হোসাইন সরকার, মার্শাল মুরাদ, রুবী, গ্যাব্রিয়েল করোনা, প্রীমা রাব্বানী, হেমায়েত হিমু, শামীমা আখতার, পাশা স্প্যাকলার, কেলি ব্রানন, জন ড্যামাইও, রাশীদা আহমেদ, মো. জসীম উদ্দিন, ডেভিড কর্নগোল্ড প্রমুখ উপস্থিত ছিলেন।