মায়ামি এয়ারপোর্টে এক রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ামির আটলান্টিক মহাসাগরে কেউ পড়লেও মনে হয় থই পাবে, কিন্তু মায়ামির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো বিপদে পড়লে থই খুঁজে পাওয়া মুশকিল। সমুদ্রের মতো বিশাল এয়ারপোর্টের এই গেট থেকে ওই গেটে সাঁতরে শুধু হাবুডুবুই খেতে হবে। দুর্ভাগ্য যদি সঙ্গী হয় তাহলে টিকিট ‘কনফার্ম’ হলেই কি আর ‘স্ট্যান্ডবাই’ হলেই বা কি?
এয়ারলাইনসে কাজের সুবাদে প্রতিদিন অনেক কাস্টমারকে দেখি ডেস্ক থেকে ফিরে যেতে। সেই ফিরে যাওয়ায় কতটা ক্লান্তি, কতটা গ্লানি কতটা কষ্ট লুকানো থাকে তা কখনো আমাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি। বারবার ফিরে আসতে দেখে কাউকে বড়জোর মনে মনে একবার হয়তো বেচারা বলেছি। এক কাস্টমারকে তিন দিন ধরে দেখেছি ধরনা দিতে কিন্তু কেন সে তিন দিন পড়ে আছে তা একটুও ভাবায়নি আমাকে। এমনকি আপন মায়ের পেটের ভাই মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ থেকে আমেরিকায় বেড়াতে এসে এয়ারপোর্টে যে ভোগান্তিতে পড়েছিল, সে কাহিনি শুনলেও আমি তার যাতনা ততটা অনুভব করিনি। আজকে আমি উদাহরণ স্বরূপ যা বলতে চাচ্ছি তার মূল কারণ এই ভোগান্তিটা যেন আর কাউকে স্পর্শ না করে। দেড় বছর এয়ারপোর্টে কাজ করে যা শিখতে পারিনি তা এক রাতে মায়ামি এয়ারপোর্টে থেকে শিখেছি। দেশে থাকতে ঘন ঘন ঢাকা-সিলেট বা কলকাতায় প্লেনে চলাচল করলেও এ রকম অভিজ্ঞতা আগে হয়নি।
এটা ছিল জীবনের অন্য রকম এক অভিজ্ঞতা। আমেরিকানরা নিয়মের কাছে কঠোর বটে কিন্তু সেল বন্ধ করে, কোনো এয়ারলাইনসই রেভেন্যু আয়ের পথ বন্ধ করছে না।
গ্রীষ্মের ছুটি উপভোগ করতে মেয়েকে নিয়ে প্রথমে লাগুয়ার্ডিয়া থেকে অরল্যান্ডোতে গিয়েছিলাম। যে আমেরিকান এজেন্ট টিকিট ইস্যু করেছেন তাঁকে রিটার্ন টিকিট ওপেন রাখতে বলেছিলাম মায়ামি যাব বলে। কিন্তু অরল্যান্ডো থেকে আমি গ্রেহাউন্ডের বাসে চলে এসেছিলাম। মায়ামিতে গিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে যে আমি মায়ামিতে আছি, এখান থেকেই নিউ ইয়র্কে যাব।
২ সেপ্টেম্বর মেইলে টিকিট পাঠিয়েছে। আমি বোর্ডিংপাস খুঁটিয়ে আর দেখিনি। ফলে ৩ তারিখে হোটেল থেকে বের হওয়ার সময় কোন টার্মিনালে যেতে হবে সেটা দেখার জন্য বোর্ডিং পাস খুলতেই মাথায় বাজ পড়ল। দেখি সে অরল্যান্ডো টু মায়ামির বোর্ডিংকার্ড দিয়ে রেখেছে। তাঁকে ফোন করে বললাম, ‘আমি তো মায়ামিতে!’ জানাল, সেটা তার মনেই নেই। বলল, এয়ারপোর্টে যেতে। আবার বোর্ডিংপাস মেইল করছে। মৌসুমি ছুটির শেষ এবং রোববার বলে সব ফ্লাইট ফুল। আমাকে স্ট্যান্ডবাই টিকিটের ওপর ভরসা করতে হলো। সন্ধ্যা ৬টা ৩০ মি: ফ্লাইট ছাড়বে। ‘স্ট্যান্ডবাই’ কথার মানে সবাই নিশ্চয়ই জানেন, আমিও জানতাম। কিন্তু এই প্রথম বুঝতে পারলাম এর সত্যিকারের মানে!
আমাদের E গেইটে, ফ্লাইট Aa 2550। গাড়িতে থাকা অবস্থায়ই সে ফোন দিয়ে বললো, যেন গেইট D 32 তে আগে যাই, ৩ টা ৩০ মিনিটে একটা ফ্লাইট আছে, ওটোতে একটা যেন চান্স নেই। কিওসক বক্স থেকে ব্যাগেজ ট্যাগ নিয়ে আমাদের দুটো লেদার কাউন্টারে ড্রপ করলাম। ড্রপ করার আগ মুহূর্তে মনে হলো জিনসের প্যান্টে একটু সমস্যা হচ্ছে। তাই আমি সবচেয়ে আরামদায়ক প্যান্টটা নিয়ে ঈশায়ার ব্যাকপ্যাকে রাখলাম। সুবিধামতো বদলে নেব।
চেকিং শেষ করে খুঁজে বের করলাম গেইট D 32। ডিতে আছে ৬০টা গেইট। চেক পয়েন্ট ছিল E এর কাছাকাছি। বড় এয়ার বাস সব প্যাসেনজার শেষ হয়ে গেলেও দাঁড়িয়ে থাকলাম। ডেস্কে এক লেডি আশ্বাস দিলেও কাজ হলো না। এর মধ্যে শুনলাম চিল্লাচিল্লি। একটা ৭ / ৮ বছরের বাচ্চা বলছে আর আমেরিকান এয়ার লাইন্সে আসবে না। তাদের নিশ্চিত সিট মাত্র দু’মিনিটের জন্য হাত ছাড়া হয়ে গেছে শেষ ঘোষণার সঙ্গে সঙ্গে। তারা গুয়াতেমালার আন্তর্জাতিক যাত্রী। গুয়াতেমালা পরিবার চিল্লাচিল্লি করছে, বারবার বলার চেষ্টা করছে এখানে রিবুকিং করে আসতে দেরি হয়েছে। তারা বেজায় চটে আছেন। এয়ারলাইনস দোষ কাটানোর নিমিত্তে নাম ঘোষণা করে মাত্র দু’ মিনিটই দেয়। যাই হোক এখানে আর হলো না। স্ট্যান্ডবাই প্রায় তিরিশ পঁয়তিরিশজন যাত্রীর মধ্যে প্রথম তিনজনকে দেওয়া হয়েছে। আমার সহকর্মী বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে আশ্বাস দিচ্ছে। অন্য কোনো ফ্লাইট হয় কিনা সেটা সে নিউ ইয়র্ক থেকে দেখছে। তখন দুপুর সাড়ে তিনটা বাজে। আমার মেয়ে বেশ আনন্দিত। তাই দেখে আমি বললাম সমস্যা না, আর দুই ঘণ্টারইতো ব্যাপার, আমরা অপেক্ষা করব! এই সুযোগে আমরা দুপুরের খাবার জন্য পিৎজা হাটে গেলাম।
৬টার ফ্লাইটেও কোনো সিট পাওয়া গেল না। তারা আবার D 46 এ অন্য ফ্লাইটে আমাদের নাম ইস্যু করল। অনেকটা পথ হাঁটতে হাঁটতে সেখানে গেলাম। শুধু আমরাই না, স্ট্যান্ডবাই আরও অনেক লোক আছেন। কৃষ্ণাঙ্গী এক মেয়ে ভোর ছয়টা থেকে চেষ্টা করে যাচ্ছে। সে বোধ করি খায়নি সারা দিন, মুখটা শুকিয়ে আছে। একটা ভ্রমণ বিছানা তার কাঁধে ঝোলানো। প্রতি এক ঘণ্টার ফ্লাইট এভাবে সাড়ে সাতটা, সাড়ে আটটা, সাড়ে নয়টা সব ফ্লাইটেরই কাছে গেলাম। স্ট্যান্ডবাই কথার মানে ষোলো আনা উশুল। এক কাপ কফি খাওয়া দরকার। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে সুযোগই পেলাম না। ভাগ্যিস আমার মেয়ে জোর করে পাই আকারের পুরো একটা পিৎজা খাইয়েছিল। শেষ ফ্লাইটটা ছিল নিউইয়র্ক জন এফ কেনেডির ফ্লাইট। তবুও চেষ্টা করলাম। সেখানে অপেক্ষমাণ লিস্টে ৬০ জন প্যাসেনজার। সেটাই ছিল শেষ ফ্লাইট সে রাতে। কিন্তু দুর্ভাগ্য সহজে কি সাথ ছাড়ে! এখানেও কনফার্ম সিটের এক ভদ্রলোক ভাষণ দিচ্ছেন সেই দু’ মিনিটের জন্য, ‘তোমরা কি রোনাল্ড ট্রাম্প’? সব ঠাস ঠাস বন্ধ!! আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেও কোনো কাজ হলো না। ওরা ভোরের প্রথম ফ্লাইটের নম্বর দিয়ে বোর্ডিং পাস দিল গেইট E 6-এর। তখন বাজে রাত দশটা। এ সময় হোটেলে ফিরে গিয়ে ভোর চারটায় উঠে আসার চেয়ে এখানে থেকে যাওয়া শ্রেয় মনে হলো। সব চেয়ে বড় জিনিস এ পরিবেশে কাজ করার সুবাদে এমন পরিস্থিতি দেখে আমি অভ্যস্ত। তাই আমার মানসিক শক্তি বিন্দুমাত্র আহত হয়নি। খারাপ লাগলেও সেটা প্রকাশ করিনি। পাছে মেয়ে ভয় পায়। সে অনেকক্ষণ ধরেই বলছে এ ভাবে থাকা যাবে না। আমি তাকে তখন ‘অ্যাডজাস্ট করনা পড়েগা’ এমন একটা অভিজ্ঞতার কথা বললাম। গুয়াতেমালা পরিবারও গেইট E6-এ। মহিলা পরামর্শ চাইলে বললাম, এই কয়েক ঘণ্টার জন্য হোটেলে গিয়ে পয়সা, সময় দুটোই নষ্ট। আস্তে আস্তে সব নীরব হতে শুরু করল। রাতের খাবার ব্যবস্থা করতে হবে। এখানের সব স্টোর বন্ধ হয়ে গেছে। একজন সিকিউরিটি বললেন, ডিতে স্টারবাকস খোলা। ঈশায়ার ততক্ষণে হাঁটার শক্তি নিঃশেষ! গেট E 5 গিয়ে দেখি এক সাদা ভদ্র মহিলা চার মেয়ে নিয়ে বসে আছেন। ভদ্রমহিলাকে বলে ঈশায়াকে বসিয়ে আমি একা গেলাম। ওদের হিসাব নিকাশ শেষ। আমার কোনো অনুরোধই কাজে আসলো না। আরও ভেতরে খোলা আছে কিন্তু মেয়েকে একা রেখে বেশি দূর যাওয়ার সাহস হলো না। খালি হাতে ফিরে এলাম। ব্যাগে এক প্যাকেট ওরিও বিস্কুট ছিল মেয়েকে দিলে সে এক পিস খেয়ে আর নিলই না। আমাদের গেইট এয়ারকন্ডিশনের ঠান্ডায় বরফ হয়ে আছে। পরনের হুডি জ্যাকেটই মা মেয়ের ভরসা। তারপরও বসা যায় না। বাকি সবকিছু সেই লেদার দু’টোতে। মিসেস গুয়াতেমালা সমানে চিল্লাচ্ছে। একসময় এসে কথা বলে জানাল কল সেন্টারে ফোন করে সে কনফার্ম সিট সকালে পেয়েছে। তার হাউমাউ আমার মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে নম্বর দিয়ে বললো কথা বলতে। জানি কাজ হবে না তবু বললাম। মেয়েটা চেক করে বলল, সে কর্মী সিট ইস্যু করতে পারবে না, তার দায় শুধু মাত্র রেভিনিউ কাস্টমারের জন্য। ভালোমতো বুঝলাম ছোটবেলার শোনা কথা, ‘মাগনা গরুর দাঁত নাই’! মিসেস গুয়াতেমালা বললেন, ‘চলেন ৫-এ যাই, ওখানে ঠান্ডা কিছু কম’। আমরা গেলাম ওদিকে। আমি ক্লিনারের কাছ থেকে বড় চারটা পলিথিন ব্যাগ এনে কার্পেটে বিছানা করলাম। প্যাসেনজারদের কার্পেটই শুয়ে থাকতে দেখি। মেয়েকে বললাম, নিচে নেমে আসতে, কিন্তু এল না। পলিথিনে ঘুমানো বিরাট অসম্মানের ব্যাপার যেন। সে চেয়ারে বসে থাকবে। মিসেস গুয়াতেমালা জানাল মিস্টার গুয়াতেমালা খাবার খুঁজে পেয়েছেন। আমার কিছু লাগবে কি না? বুঝলাম ভদ্রমহিলা মাইডিয়ার টাইপের। এদিকে আমার মেয়ের সবকিছুতে না। ওরা খাবারের যা নাম বলল সেগুলো বেইকন, পর্ক। রিস্ক নিলাম না। ধন্যবাদ জানিয়ে না করলাম। মেয়ে যেহেতু খাবে না আমি তো তাকে না খাইয়ে খেতেও পারব না। মেয়ে চেয়ারে বাঁকা হয়ে ঘুমিয়েছে। এক সময় মেয়েকে বুঝিয়ে পাশে নিয়ে এলাম। পলিথিনের কারণেই কিনা জানি না, যেন ঠান্ডা যাচ্ছে না। এক দিকে টিভির নিউজ চলছে, অন্য দিকে গুয়াতেমালা পরিবারের কথাবার্তা। মহিলার জানে যেন শান্তি নেই! প্রচণ্ড বিরক্ত হলেও রাত দেড়টার দিকে সে দুটো ছোট কম্বল এনে আমাকে দিল। এয়ার লাইনসের ফ্লাইটে এগুলো দেওয়া হয়। বলল, ডি ২৬ থেকে নিয়ে এসেছে ৫ টা। মহিলার প্রতি চরম শ্রদ্ধা আর ভালো লাগায় মন ভরে গেল। একটা মেয়ের গায়ে দিয়ে একটা নিজে নিয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে গেলাম সারাক্ষণ। মেয়েটা ফ্লোরে অ্যাডজাস্ট করতেই পারল না, আবারও চেয়ারে গিয়ে বসল। এভাবে রাত কাটিয়ে ভোর পাঁচটায় ফ্রেশ হয়ে কফি খেয়ে গেলাম গেটে। মেয়ে কিছুই খেতে পারছে না। বুঝিয়ে সুজিয়ে ২ চামচ স্যুপ নুডলস খাওয়ালাম।
সকালবেলায় সেই একই কাহিনি। হলিডে এবং ঘূর্ণিঝড়ের কারণে সব সিট ফুল। ম্যানেজারের সঙ্গে কথা বলতে গিয়ে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম। বললাম আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, পানি পর্যন্ত খাচ্ছে না! এই প্রথম হাড়ে হাড়ে বুঝলাম নিয়মের এই দেশে চোখের পানির কোনো দাম নেই। উনি আমাকে উল্টো বোঝাতে শুরু করলেন, ‘সুইটি, তুমি তো জানো তো কাস্টমার প্রায়রিটির কথা’। তারপরও স্পেশাল সার্ভিসে কথা বলতে বললেন। সর্বোপরি ফলাফল শূন্য। অথচ এই আমি কলকাতার জওহরলাল নেহরু এয়ারপোর্টে এসে টিকিট কনফার্ম করে দেশে গিয়েছি। এখনো মনে আছে লোকটা বলেছিল, ‘শুধু আমার দেশের মেয়ে বলে বিমান দশ মিনিট দেরি করিয়ে সিট ইস্যু করেছি’। ঢাকা এয়ারপোর্টে জিএমজিতে অনুরোধ করলে ওরা পাইলটের অনুমতি নিয়ে, ককপিটে সিট ইস্যু করেছে। সেটা ছিল শেষ ফ্লাইট। বলেছিলাম আমার পাঁচ মাসের মেয়ে রেখে এসেছি। আমার সিলেট যাওয়া জরুরি। আমার এ কথায় জিএমজির এক ভদ্রমহিলা সাহায্য করেছিলেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব ওনার কাছে। কিন্তু আজ আমি নিয়মের কাছে পরাজিত। এটাও বুঝলাম, ‘বড় বড় দেশে এ রকম ছোটখাটো ভুল হয়েই থাকে’। আমাদের হিসাব না হয় বাদ দিলাম। প্রতিদিন এ রকম অন্তত ৩০-৬০ জন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সিট যদি না থাকে তবে কেন এই চান্সের টিকিট সেল হচ্ছে! প্রায় এক সপ্তাহ পর্যন্ত এ ভাবে চেষ্টা করার সুযোগ থাকে। কি অদ্ভুত নিয়ম। শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করে এমন সুযোগের সিট ব্যবহারের ইচ্ছা যেন পরিতাজ্য হয়। কেউ যেন কনফার্ম সিট কামরুজ্জামান এবং গুয়াতেমালা পরিবারের মতো হাতছাড়া না করে। তবে প্রতিদিন এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারপরও কেন যে ভাগ্যে বিশ্বাসী মানুষ এমন ঝুঁকি নেয়! একজন অপরিচিত অজানা মানুষের কাছে এমন সময় কাটানো সত্যি বেদনাদায়ক।
আমার মেয়ের একটু ঘুম দরকার। তাকে বললাম হোটেলে যাব। তবে অন্য এয়ারলাইনসে একটু চেষ্টা করি। একমাত্র জেটব্লু-এ সিট আছে। কিন্তু দু’ টিকিট প্রায় হাজার ডলারের ওপরে। আমার কাছে ওই মুহূর্তে এত টাকাও নেই বা থাকলেও খরচ করব কি না সেটা ভাবার বিষয়। এক হাজার ডলার আয় করতে অনেক কষ্ট। যদিও আমার সেজো বোন রোজিআপা একটু পর পর ফোনে খবর নিচ্ছেন। ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাতেও বলছেন। বললাম যা আছে চলে যাবে। খুব অদ্ভুত ব্যাপার, আমি কখনো বিপদে পড়লে উনি কি ভাবে যেন নিজে থেকেই যোগাযোগ করেন। এমন না যে আমরা রোজ কথা বলি। অথচ ছোট বেলায় প্রচণ্ড জেদাজেদি ছিল সবকিছু নিয়ে। যাই হোক বাস, ট্রেন কিছুই সোমবারে পেলাম না। অনলাইনে মঙ্গলবারের ট্রেনের টিকিট করে হোটেলে ফিরে গেলাম। লম্বা একটা হট শাওয়ার নিয়ে, খেয়ে আমার মেয়ে সাদা বিছানায় গভীর ঘুমে মগ্ন, বিপর্যয়ের পরে এটাই ছিল একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। শুধু সঙ্গে কাপড় না থাকায় সেই বাসি কাপড়ই পরতে হলো। আমার একটা শার্ট আর সেই রেখে দেওয়া প্যান্টটা আমাকে বাঁচিয়েছে।
‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’র মতো আমিও হাওয়াই জাহাজের ‘টিকিট কাটিয়া ট্রেনে চড়িয়া’ নিউ ইয়র্কে এসে পৌঁছলাম। সময়সাপেক্ষ হলো বটে, তবে ট্রেনভ্রমণটা ছিল সত্যি আনন্দদায়ক!