মায়ের আদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা গড়াতেই মিসেস মনিরা অস্থির হয়ে পড়লেন। রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা এসে পৌঁছে বিকেল ৫টায়। এই ট্রেনেই আসবে তাঁর মেয়ে লায়লা। গতকাল সে মোবাইলে জানাল, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ যাতে সহিংস আকারে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়ে আবাসিক ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে।
লায়লা কপোতাক্ষ এক্সপ্রেসেই আজ বাড়ি আসছে। সকালে একবার মোবাইল করে জানাল, একটু পরই ট্রেনে চড়বে। তারপর আর কোনো সংবাদ নেই। বারবার মোবাইল করেও তার লাইন পাওয়া যাচ্ছে না। মনিরা যতবারই মেয়ের মোবাইলে ডায়াল করেছেন, ততবারই বিজি টোন ছাড়া আর কিছুই আসছে না। মেয়ে বাড়ি না আসা পর্যন্ত মনিরা স্বস্তি পাচ্ছে না। একবার ছাদে, একবার দোতলার বারান্দায়, একবার গেটের দরজা খুলে শোন-পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে দেখছেন রাস্তার দিকে। প্রতিটি রিকশা, প্রতিটি ট্যাক্সির দিকে নজর—কোনটা এসে দাঁড়ায় তাঁদের গেটের সামনে।
ছাত্র সংঘর্ষের কথা মনে পড়লেই আতঙ্কে আঁতকে ওঠে মনিরা। দিনটি ছিল ঐতিহাসিক ১০ জানুয়ারি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মনিরা স্কুল মাধ্যমিক পাস করে কেবল পা রেখেছে কলেজে। স্কুল জীবনের জড়তা তখনো কাটেনি। একই স্কুল থেকে আসা কতিপয় সতীর্থ ব্যতীত অন্য কারও সঙ্গে তেমন জানা-শোনা তখনো হয়ে ওঠেনি। ছাত্রলীগ, ছাত্রশিবির বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা তাদের দলে ভেড়াতে মাঝেমধ্যে আলাপ করে। সে বরাবরই ছাত্র রাজনীতি এড়িয়ে চলে। ছাত্র রাজনীতি তার পছন্দ নয়। কলেজ ছুটি শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনিচ্ছা সত্ত্বেও বান্ধবীদের খুশি করতে সে আলোচনা সভায় যোগ দিতে হয়েছিল। তার সতীর্থ নাজু, রিতা, কবিতাসহ আরও অনেকে যোগ দিয়েছিল সে সভায়। সে সভার দুঃসহ স্মৃতি আজও তাঁকে পীড়া দেয়। বই-খাতা গুটিয়ে ছাত্রী কমনরুম থেকে বেরিয়ে ছাত্রাবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে—এমন সময় নাজু এসে বলল, ‘মনিরা ছাত্রলীগের একটা আলোচনা সভা আছে। যাবে সেখানে?’
-ছাত্রলীগের সভা? কিসের সভা?
-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের।
-ও আজ সেই ১০ জানুয়ারি? ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
-হ্যাঁ। জবাব দিল নাজু।
-সে যাই হোক। আমি যাব না, তোরা যা।
-আমি, রিতা, কবিতা—সবাই যাচ্ছি। শুধু তুই যাচ্ছিস না।
-তাই! তোরা সবাই যাচ্ছিস? তা হলে চল ঘুরে আসি।
অগত্যা মনিরা মিটিংয়ে যেতে রাজি হলো।
সভা শেষে হইহুল্লা করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে বেরিয়ে পড়ল ছাত্ররা। যেন বঙ্গবন্ধু কেবল এই মাত্র ঢাকা এসে পৌঁছেছেন। আর ঠিক তখনই পুরো কলেজ ক্যাম্পাস বোমার প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। কারা যেন বোমা ছুড়ছে ছাত্রলীগের মিছিলে। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া । দিনের আলোতেও সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। যেন কথিত কেয়ামত শুরু হলো কলেজ মাঠে। যে যার জীবন বাঁচাতে ছুটছে আর ছুটছে। মনিরাও সবার সঙ্গে প্রাণপণে ছুটছে। ছুটতে ছুটতে কোনো এক সময় বোমার স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। বাঁচাও বাঁচাও বলে কয়েকবার আর্ত চিৎকার দিল। সে কণ্ঠও স্তব্ধ হয়ে গেল। চিৎকার করার শক্তিও সে হারিয়ে ফেলল। তার সাহায্যে কেউ ছুটে না এসে যে যার জীবন নিয়ে পালাচ্ছে। যেকোনো মুহূর্তে শক্তিশালী একটি বোমা এসে তার দেহটাকে ছিন্নভিন্ন করে দেবে; মৃত্যু অনিবার্য। আর বাড়ি ফেরা হবে না। মৃত্যু যন্ত্রণায় যখন সে ছটফট করছিল, ঠিক সেই মুহূর্তে দেখতে পেল ধোঁয়ার কুণবপলি ভেদ করে এক যুবক ছুটে আসছে তার দিকে। সেও বোমার স্প্রিন্টারে ক্ষতবিক্ষত; রক্তাক্ত। এসেই তাকে দু হাত বাড়িয়ে ঘাড়ে তুলে নিল। তারপর আর সে কিছু জানে না। সে তাকে আবারও সেই রক্তমাখা কাপড়ে দেখল দৌলতপুরের একটি ক্লিনিকে। মনিরা তখন শুয়ে আছে ক্লিনিকের বিছানায়। তার আপাদমস্তক ব্যান্ডেজে মোড়া। সর্বাঙ্গ ব্যথা। সে নড়তে পারছে না। দু হাতের কবজিতে স্যালাইনের সুচ ফোটানো। প্যাকেট থেকে টুপটাপ করে স্যালাইন ঝরছে এবং তা নিমেষেই মিলিয়ে যাচ্ছে তার দেহে। নির্লিপ্ত দৃষ্টি মেলে চোখ ঘোরালো চারদিকে। তার সে চাহনি দেখে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল।
সবার আগে ছুটে গেল নাজু। মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করল, ‘কেমন লাগছেরে মনি? সভায় তুই যেতে চাসনি। আমাদের অনুরোধেই গেলি। সেখানে না গেলে তো এমনটি হতো না। এ দুর্ঘটনার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে আমাদের তুই ক্ষমা করিস বোন।’
-না, এতে তোদের দোষ কী? তোরা তো আমায় জোর করে নিয়ে যাসনি। আমি স্বেচ্ছায় গিয়েছি। এমন একটা দুর্ঘটনা ঘটবে তোরা কি জানতিস? তা হলে তো তোরাও যেতিস না। তোরা সবাই ভালো আছিস তো?’
কবিতা কাছে এসে বলল, ‘হ্যাঁ, আমরা ভালো আছি।’
-আমি এখানে এলাম কী করে?
‘ফিরোজ ভাই তোকে ঘাড়ে করে এখানে নিয়ে এসেছেন’, নাজু বলল ।
-ফিরোজ কে?
-আমাদেরই কলেজের এক বড়ভাই?
-ও আচ্ছা।
মাথায় ব্যান্ডেজ বাঁধা ফিরোজ তখন মনিরার পায়ের দিকেই দাঁড়িয়ে ছিল।
কৃতজ্ঞতার চোখে মনিরা ফিরোজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘আপনি ভালো আছেন ফিরোজ ভাই?’
-মাথায় সামান্য একটু আঘাত লেগেছে। বাম পায়ে একটা স্প্রিন্টার ফুটেছে। তেমন মারাত্মক কিছু না।
-আর সবাই?
-বেশ কয়েকজন ছোটখাটো জখম হয়েছে। তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে যার বাড়ি ফিরে গেছে। তবে ফার্স্ট ইয়ারের একটা ছেলের পা মারাত্মক ঝলসে গেছে। তাকে যশোর সিএমএইচ হাসপাতালে পাঠিয়েছে। ইনশা আল্লাহ সেও সুস্থ হয়ে উঠবে।
-কাজটি কারা করল ফিরোজ ভাই?
-জানি না। একটু টান দিয়ে বলল, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইসলামি ছাত্রসংঘের ছেলেপেলেরা এ কাণ্ড ঘটাতে পারে। তারা তো বরাবরই বঙ্গবন্ধু-বিরোধী।
এমন সময় নার্স এসে বললেন, ‘রোগীর সঙ্গে বেশি কথা বলবেন না। বিশ্রামে থাকতে দিন। ওনার গার্ডিয়ানদের খবর দিয়েছেন?’
-হ্যাঁ দিচ্ছি। বললেন ফিরোজ।
নার্স চলে গেলে ফিরোজ জিজ্ঞেস করল, মনিরার খুব কাছের ফ্রেন্ড কে?
-আমাদের বাড়ি রূপসা। আমি ও মনিরা একই হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি এবং এখনে আমরা ছাত্রী হোস্টেলে একই রুমে থাকি। সে নৈহাটি ইউনিয়নের সোলায়মান চেয়ারম্যানের মেয়ে। উত্তর দিল নাজু।
পরক্ষণে ফিরোজ বলল, চেয়ারম্যান সাহেব তো নাই।
-না। তিনি গত কয়েক বছর হলো মারা গেছেন।
এবার ফিরোজ আশ্চর্য হয়ে বলল, বল কি মনিরা তা হলে আবুল কালামের বোন?
-হ্যাঁ আবুল কালাম তার ভাই। আপনি তাকে চেনেন? সে বর্তমানে এলাকার মেম্বার। বলল নাজু।
-আবুল কালাম, মানে কালু। চিনি মানে? সে তো আমার বন্ধু। একই সঙ্গে খুলনা সিটি কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। কয়েকবার আমি তাদের বাড়ি গিয়েছি। তার বাবা মারা গেলে সে আর পড়াশোনা করল না। তারপরও আমাদের যোগাযোগ ছিল। মনিরার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কালুকে কি টেলিফোনে পাওয়া যাবে?
মনিরা জবাব দিল, ‘হ্যাঁ, যেতে পারে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবনের পাশেই টেলিফোন এক্সচেঞ্জ অফিস। অপারেটরের সঙ্গে কথা বললে সে হয়তো ভাইয়াকে ডেকে দেবে।’
‘ঠিক আছে’, বলেই ফিরোজ ক্লিনিকের ভেতরে গেল। নার্সের কাছে অনুমতি চাইল, ‘সিস্টার আপনাদের টেলিফোনটা ব্যবহার করতে পারি?’
নার্স জবাব দিল, ‘ঠিক আছে ব্যবহার করুন।’
ফোনে ডায়াল করতে করতে ফিরোজ হাসি মুখে তাকে বলল, ‘থ্যাংক ইউ।’
-সেও জবাবে বলল, আপনাকে ওয়েলকাম।
টেলিফোনের অপর প্রান্ত থেকে এক নারি কণ্ঠ ভেসে এল, ‘হ্যালো।’
-এটা কি রূপসা খেলি এক্সচেঞ্জ?
-হ্যাঁ, এটা রূপসা টেলিফোন এক্সচেঞ্জ।
-আপনি কাকে চান?
-আপনাদের পাশে ইউনিয়ন পরিষদ ভবনে কালু মেম্বারকে একটু ডেকে দেবেন আপা?
-আপনি একটু লাইনে থাকুন। আমি দেখছি সে আছে কি না। টেলিফোনটা চালু রেখে অপারেটর কালুকে ডাকতে গেল।
কালু এসে বলল, ‘হ্যালো।’
-আপনি কালু বলছেন?
-হ্যাঁ, আমি কালু বলছি। আপনি কে?
-আমি ফিরোজ। ফিরোজ শেখ।
-আরে ফিরোজ, কেমন আছিস দোস্?
-বহুদিন পর? তোর কণ্ঠ বড় অচেনা হয়ে গেছে। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার তোকে কে বলল?
- কে বলল, তা তোকে পরে বলছি। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে।
-কী কথা?
-ব্যস্ত না হয়ে ধৈর্য সহকারে শোন।
-আচ্ছা।
-আমাদের কলেজে আজ একটা অঘটন ঘটেছে।
-কী? কী ঘটনা?
-একটা গন্ডগোল হয়েছে। আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
-হ্যাঁ, তা তো জানি।
-এ উপলক্ষে ছাত্রলীগের ছেলেমেয়েরা একটা আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে তারা যখন আনন্দ মিছিল দিতে দিতে বের হচ্ছিল, ঠিক তখনই কে বা কারা ওই মিছিলে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার স্প্রিন্টারে কলেজের অনেক শিক্ষার্থী অহত হয়। আহতদের মধ্যে তোর বোন মনিরাও আছে।
মনিরার কথা শুনেই কালুর কণ্ঠ কর্কশ হয়ে ওঠে। তখন সে আরও জোরে বলে ওঠে কী কী, মনিরার কী হয়েছে?
-না, ঘাবড়াবার কিছু নেই। সে সুস্থ আছে। আমরা এখন ন ক্লিনিকে। তুই তার সঙ্গে কথা বলবি? একটু অপেক্ষা কর আমি মনিরাকে ডেকে দিচ্ছি।
ফিরোজ টেলিফোনের রিসিভারটা মনিরার হাতে দিল।
-ভাইয়া, আমি ভালো আছি। তেমন মারাত্মক কিছু না। পায়ে মাথায় একটু চোট লেগেছে। বোমার আতঙ্কে এবং সবার আর্তচিৎকারে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভাগ্য ভালো ফিরোজ ভাইয়ের নজরে পড়েছিলাম। সে-ই আমাকে কোলদাবা করে ক্লিনিকে নিয়ে এসেছে। ফিরোজ ভাই, তোমার বন্ধু সত্যিই ভালো মানুষ। সে না দেখলে আমার যে কি হতো আল্লাহ্ মাবুদ জানেন। সে যে তোমার বন্ধু, আমি তো আগে জানতাম না। এই ক্লিনিকেই তার সঙ্গে পরিচয়। তোমার কথা উঠতেই সে বলল, তোমরা দুজন পুরান বন্ধু। আশঙ্কার কিছু নেই, শান্ত হয়ে আস। ঠিক আছে আমি ফিরোজ ভাইকে দিচ্ছি, তুমি তার সঙ্গে কথা বল।
-সবই তো মনিরার মুখে শুনলি আশঙ্কার কিছু নাই। ধীরে ধীরে আয়। তোর মনে আছে বিএল কলেজে এলে দৌলতপুরে আলি ভাইয়ের চায়ের দোকানে বসে আমরা আড্ডা দিতাম। ঠিক তার বিপরীতে দোতালায় সেবা ক্লিনিক। মনিরা সেখানে আছে।
-আচ্ছা, আমি আসছি।
ফিরোজ শেখ। এক ছাত্র সংঘর্ষের মধ্য দিয়েই যার সঙ্গে পরিচয়। সেই পরিচয় থেকেই একদিন পরিণয়। ছাত্র সংঘর্ষের কলেজ মাঠে সেই যে বুকে আগলে ধরে জীবন বাঁচিয়েছিল, আজীবন সেই বুক থেকে একদিনের জন্যও বিচ্ছিন্ন হতে হয়নি। আজ সেই ছাত্র সংঘর্ষের কথা মনে পড়লে বুকটা খাঁ খাঁ করে ওঠে। লোকটি আজ অতীত। এমনই এক ছাত্র সংঘর্ষের মুখোমুখি তার মেয়ে লায়লা। যদি তার কিছু হয়? কী জবাব দেবে সে? এমনি ভাবতে ভাবতে প্রতিটি প্রহর কাটছে মনিরার। ঠিক এমনি সময় গেটের বাইরে রিকশার বেল বেজে উঠল।
কাজের মেয়ে জরিনা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মনিরাও তার পিছে পিছে গেল। গেটের সামনে মাকে দেখেই লায়লা রিকশা থেকে লাফ দিয়ে নেমে তাকে জড়িয়ে ধরে দু গালে দুটো চুমো খেয়ে বলল, ‘মা, মামণি আমার, কত দিন দেখি না তোমাকে। তোমার শরীরটা কেমন শুকিয়ে গেছে। ভালো আছ তো?’
-হ্যাঁ, ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো?
-না, কোনো অসুবিধা হয়নি। মনে মনে ভাবল রাজুর কথা বলবে নাকি; তার সঙ্গে গল্প করতে করতে এসেছে। এ সময়ে বললে মা হয়তো কিছু মাইন্ড করতে পারে। সময়-সুযোগ হলে আরেক দিন বলবে। তারপরে জিজ্ঞেস করল, ‘ও মা, লিটু? তোমার লিটন কই?’
-এই তো এখানে ছিল। স্কুল থেকে ফিরে কিছু খায়নি। বলে তুই আসবি; তবে একসঙ্গে খাবে। অনেকক্ষণ অপেক্ষা করে এখনই খেয়ে বেরিয়েছে। আশপাশে আছে কোথাও?
এমন সময় লিটন কোত্থেকে দৌড়ে এসে লায়লাকে জড়িয়ে ধরে বলল, ‘আপু তুই এসেছিস? জানিস তোর অপেক্ষায় মা কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি। আর আজ সারা দিন তো শুধু তোর পথ চেয়ে চেয়ে কাটিয়ে দিয়েছে।’
-নে যা। তুই স্কুল থেকে ফিরে ভাত খাসনি কেন?
লিটু সে কথার কোনো জবাব দিল না। মা-মেয়ে, ভাইবোন বাড়ির ভেতর ঢুকে পড়ল। ‘কাপড়-চোপড় ছাড়। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আয়। সারা দিন জার্নিতে ট্রেনের ধুলো-বালিতে নাক-মুখ শুকিয়ে গেছে। গোসল করে ফেল। আমি খাবার ঘরে যাই কিছু খাবি’, বলে মা খাবার ঘরে গেলেন।
বাথরুম সেরে খাবার ঘরে ঢুকেই লায়লার মাথা চড়ক গাছ। রুপচাঁদার শুঁটকি, চিংড়ির দোপিঁয়াজা, সর্ষে ইলিশ, মোরগ পোলাও, খাসির কলিজা ভুনাসহ তার সব প্রিয় খাবার পর্যায়ক্রমে টেবিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সাজানো। খাবারের সুগন্ধে ঘর মৌ মৌ করছে। বেগুন ভর্তা, লালশাক, পুঁইশাক, শজনে ডাঁটা, পুদিনা চাটনি কিছুই বাদ যায়নি খাবার মেনু থেকে। এত খাদ্যের আয়োজন দেখে লায়লা উৎফুল্ল হয়ে মাকে জিজ্ঞেস করল—
- ওমা, এ কী করছ? তোমার মেয়ে নাইওর এসেছে নাকি?
লায়লার ডাক শুনে লিটন বলে উঠল, ‘এখানেই শেষ নয়।’ সৈয়দ মুজতবা আলীর প্রবাস বন্ধু গল্পে পড়িসনি, ‘টেবিল ভর্তি খাবার দেখে লেখক যখন অবাক হয়েছিলেন, আফগান পাচক আবদুর রহমান তখন মনে করেছিল তার মনিব যৎসামান্য খাবার দেখে বোধ হয় সন্তুষ্ট হননি। সে তাকে আশ্বস্ত করার জন্য বলেছিল, রান্নাঘরে আরও আছে।’ মায়ের অবস্থাও তদ্রূপ। ‘তোর জন্য এত খাবার তৈরি করার পরও মা আমায় দিয়ে স্কুল ফেরার পথে খেজুর পাটালি আনিয়েছে ক্ষীর রাঁধবে বলে। তা আর রান্নার টাইম পায়নি। বুঝলি আপু, সেগুলো এখনো রান্নাঘরে আছে।’
-মা এ সময়ে লিটনের দিকে আড় চোখে তাকিয়ে লায়লার পাতে একটা চিংড়ির দোপিঁয়াজা দিতে উদ্ধত হলে লায়লা মাকে জড়িয়ে ধরে বলল, ‘মা, মা মণি তুমি আমায় কত্ত ভালোবাস।’
লায়লার কথা শুনে মনিরা একটু মিটিমিটি হাসলেন। তারপর বললেন, ‘পাগলি মেয়ে। নে খেয়ে ওঠ। তুই এখন একজনের মেয়ে। যখন মা হবি, তখন বুঝবি সন্তানের প্রতি মায়ের কত স্নেহ?