মায়ের লাথিতে মেয়ের মৃত্যু!
চার বছরের ছোট্ট মেয়ে নোহেলি আলেকজান্দ্রা। দুষ্টুমি করতে ভীষণ পছন্দ করে। তবে খাওয়ার পর দাঁত মাজতে তার একটুও ভালো লাগে না। এ নিয়ে তার ২০ বছর বয়সী মা আইরিস হার্নান্দেজ-রিভাসের সঙ্গে লুকোচুরি চলে। মা তাকে বকেন, তাড়া দেন। এরপরও দাঁত মাজার অভ্যাসটা তার হয়ে ওঠেনি, আর উঠবেও না। কারণ, মায়ের লাথিতে মৃত্যু হয়েছে ছোট্ট মেয়েটির। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের।
আজ সোমবার পিটিআইয়ের খবরে জানানো হয়, দাঁত মাজতে না চাওয়ায় ক্ষুব্ধ হয়ে মা নোহেলির পেটে লাথি মারেন। পরে মা আইরিস পুলিশকে ফোন করে বলেন যে তাঁর মেয়ে কোনো সাড়া দিচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ঘটনা সম্পর্কে জানতে চাইলে আইরিস বলেন, তাঁর মেয়ে গোসল করার জন্য বাথরুমে যায়। ১৫ মিনিট পর তিনি দেখতে পান মেয়ে বাথটাবে পড়ে আছে। এর ঘণ্টা খানেক পর তিনি পুলিশকে ফোন দেন।
পুলিশ গুরুতর অবস্থায় নোহেলিকে উদ্ধার করে ওয়াশিংটন ডিসির চিলড্রেনস ন্যাশনাল মেডিকেল সেন্টারে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে জানান, আঘাতের কারণে নোহেলির মৃত্যু হয়েছে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আইরিস স্বীকার করেন, মেয়ে দাঁত মাজতে না চাওয়ায় তিনি মেয়ের পেটে লাথি দেন। মেয়ে ধাক্কা সামলাতে না পেরে দেয়ালে ছিটকে পড়ে মাথায় ব্যথা পায়। দাঁত মাজতে না চাওয়ায় এর আগে তিনি মেয়েকে বেল্ট দিয়ে মারধর করেছেন বলে উল্লেখ করেন। আইরিসের বিরুদ্ধে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।