মা-খালারা যখন বিচারক

প্রথম আলো উত্তর আমেরিকা ‘৩ নভেম্বর বিকেল চারটা থেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে আয়োজন করেছিল হেমন্তের পিঠা উৎসব। ৩৫ রকমের পিঠা নিয়ে ২০ জনের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন পিঠা প্রতিযোগিতায়। সেরা প্রতিযোগী নির্বাচনের জন্য বিচারক প্যানেলে ছিলেন শামসাদ হুসাম চৌধুরী, রেখা আহমেদ, আলেয়া চৌধুরী, গুলশান আরা চৌধুরী, সালমা ফেরদৌস, রোজিনা বেগম, সাজেদা জামান, হাসনাহেনা, লুৎফা চৌধুরী, শায়লা আজিম, জাকিয়া ফাহিম প্রমুখ।
এই বিচারকদের একজন ছিলেন আমার মা হাসনা হেনা। মাকে যখন জানালাম, তাঁকে পিঠা প্রতিযোগীদের বিচারক করা হয়েছে, আমি মনে মনে ভাবছিলাম, মা এখুনি বলবে আমি এই সব বুঝি না, আমি যাব না। কারণ সারা জীবন দেখেছি তাঁকে বড্ড ঘরমুখী। আমাকে অবাক করে দিয়ে বললেন, আচ্ছা যাব। কত তারিখে তোমাদের অনুষ্ঠান। সত্যি খুব ভালো লেগেছিল। অন্য রকম এক অনুভূতি। তখন দুই সপ্তাহ বাকি।
কয়েক দিন পর পর আমার কাছে জানতে চাইতেন, আর কদিন বাকি। যেদিন অনুষ্ঠান সেদিন সকালে আমি নিজেও পিঠা বানিয়েছিলাম নেওয়ার জন্য। মাকে তখন কিছুটা গম্ভীর হয়ে বসে থাকতে দেখি। আমি জানতে চাইলাম, কী হয়েছে। খুব মন খারাপ করেই বললেন, অনেক মানুষ আসবে প্রতিযোগিতায়, ওদের পিঠা তোমার চাইতে বেশি ভালো হলে আমাকে ওদের কিন্তু বেশি নম্বর দিতে হবে। তুমি কিন্তু মন খারাপ করো না। আল্লাহ না হলে গুনাহ দেবে, আমি যদি সত্যি না বলি। আমার এত হাসি লাগছিল। এতক্ষণে বুঝতে পারলাম, মায়ের মন খারাপের কারণ।
কিছুক্ষণ পর মাকে বললাম, আমার পিঠা প্রতিযোগিতার জন্য নিচ্ছি না। ওটা আমাদের প্রথম আলোর লোকজন খাবে। সে কী খুশি মা, তাকে এখন মেয়েকে কম বেশি নম্বর দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ওখানে গিয়ে হলো আরেক সমস্যা। আমাকে ডেকে বলছেন, আচ্ছা আমি যদি সবাইকে এক নম্বর দিই সমস্যা আছে? আমি অবাক হয়ে জানতে চাইলাম, কেন? বললেন, এই প্রবাসে মেয়েরা সারা দিন কত কাজ করে, তারপর কষ্ট করে পিঠা বানিয়ে নিয়ে আসছে তাই। মাকে বললাম, মা হিসেবে তোমার বিচার ঠিক আছে, বিচারক হিসেবে ঠিক নেই। তিনি বুঝে নিলেন, আমি কী বলেছি। তারপর দেখলাম, পুরো অনুষ্ঠানে প্রতিটা খাবার খেয়ে নম্বর দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে তার কাছে জানতে চাইল, কেমন লাগছে তাঁর এখানে এসে। খুব ভালো লেগেছে জানিয়ে সবাইকে ধন্যবাদ জানালেন।
বাসায় আসার পথে মাকে আমি জিজ্ঞেস করলাম, তোমার ভালো লেগেছিল? আমাকে বললেন, প্রবাসে বাঙালির সাজে ছিল সবাই, সেই সঙ্গে এত রকম পিঠা এক সঙ্গে দেখতে পাওয়া বেশ আনন্দের। তার ওপর এত বড় অনুষ্ঠানের বিচারক হিসেবে যাওয়া ছিল সৌভাগ্যের। তারা প্রথম আলোর স্কার্ফ পরিয়ে যে সম্মান আমাদের দিয়েছে, তার কাছে তার জীবনের স্মরণীয় একটা দিন হয়ে থাকবে।
মায়ের খুশি ভরা মুখ দেখে আমারও প্রথম আলোর জন্য ভালো লাগা আরও অনেক বেড়ে গেল। আমার মায়ের অনুভূতি জানার পর অন্য বিচারকদের অনুভূতিও জানতে ইচ্ছে হলো, তাদের কেমন লেগেছিল।
বিচারক হয়ে এসেছিলেন সাংবাদিক রওশন হকের মা গুলশান আরা চৌধুরী। তাঁর কাছে জানতে চাইলাম, কেমন লেগেছে আপনার বিচারক হয়ে? জানালেন তাঁর মনের কথা। ‘নিউইয়র্কে বহু বছর থাকি, অনেক অনুষ্ঠানে যাই। অনেককে দেখেছি বিচারক হতে নানা কিছুর, ভালো লাগত বেশ। আজ আমি বিচারক হয়ে বেশ ভালো লাগছে।’
গুলশান আরা আরও বলেন, ‘আমেরিকায় বসে আধুনিক নারীরা যে দেশের গ্রামের পিঠা এত নিখুঁতভাবে তৈরি করতে পারে, সেটি আমাকে অবাক করেছে।’ কথা হলো বিচারক রোজিনা বেগমের সঙ্গে। তিনি জানালেন, অসম্ভব ভালো লেগেছে বিচারক হয়ে।
আমাদের আরেক সাংবাদিক শেলী জামান খান। তার মা সাজেদা জামান। তিনিও এসেছিলেন পিঠা উৎসবের বিচারক হয়ে। তার কেমন লেগেছে জানতে চাইলে তিনি এমনভাবেই তার অনুভূতির কথাগুলো বলেছিলেন।
সাজেদা জামান বললেন, ‘বড় হয়ে উঠেছি গ্রামের বাড়িতে। বাবা ছিলেন গ্রামের চেয়ারম্যান। গ্রামের মাতবর বা বিচারক শ্রেণির মানুষ। সুতরাং আমাদের বাড়িতে হরহামেশাই বিচার-আচার, তর্ক–সালিস এসব লেগেই থাকত। বাবা তার উঁচু জলচৌকিতে বা হাতলওয়ালা বড় চেয়ারে বসে দুপক্ষের কথাবার্তা শুনতেন। তারপর অনেক বিচার-বিবেচনা করে সুচিন্তিত রায় দিতেন।’
সাজেদা বললেন, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে পেয়েছিলাম উল্টো চিত্র। সেখানে আমার শাশুড়ির প্রাধান্য ছিল বেশি। শ্বশুর ছিলেন নেহাতই নিরীহ সহজ–সরল মানুষ। তাই আমার জীবনে কখনো কোথাও বিচারকের ভূমিকায় যাওয়ার সুযোগ হয়নি। শেষ পর্যন্ত উত্তর আমেরিকা প্রথম আলো আমাকে সেই সুযোগ করে দিল। এই যুগে, এত ব্যস্ত জীবনে মেয়েরা এত এত মজাদার পিঠা বানিয়ে এনেছে, দেখে সত্যি খুব অবাক হয়েছি। তাও আবার প্রবাস জীবনে। দেখলাম সুন্দর সুন্দর পুতুলের মতো মেয়েরা সাজগোজ করে সারা হলে ঘুরে বেড়াচ্ছে। জানলাম, এঁদেরই কেউ কেউ পিঠা তৈরি করে এনেছে। তাদের অনেকের সঙ্গেই কথা হলো। পিঠার স্বাদ পরীক্ষা করে নম্বরও দিলাম। এত পিঠা, কোনটা রেখে কোনটা খাব। হিমশিম অবস্থা।’
সাজেদা বলেন, ‘পিঠা প্রতিযোগীদের নাম ঘোষণা হলো। আমাকে একটি পুরস্কার বিজয়ীর হাতে তুলে দিতে ডাকা হলো। নিজের হাতে কাউকে পুরস্কার দেওয়ার আনন্দও পেলাম। বিদেশের মাটিতে, এই বয়সে এসে এভাবে সম্মানিত হয়ে সত্যি অভিভূত হয়েছি। প্রথম আলো আমার প্রিয় পত্রিকা। নিয়মিত পড়ি। প্রথম আলো পরিবারের জন্য আমার শুভকামনা।’
আমাদের আরেকজন বিচারক ছিলেন জাকিয়া ফাহিম। তাঁর কাছে জানতে চাইলাম, কেমন লেগেছিল সেদিন তার বিচারক হয়ে। তিনি বললেন, ‘প্রথম আলোর পিঠা উৎসবের আয়োজকদের অনেক ধন্যবাদ, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে আটলান্টিকের এপারে বসেও আমাদের সেই ফেলে আসা দিনগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন। সেই যে ছোট্ট বেলায় চুলোর পাশে বসে নানি–দাদিরা পিঠা বানিয়ে গরম-গরম পরিবেশন করতেন, তখন তা কত তৃপ্তি নিয়ে খেতাম, সেই কথা মনে পড়ে গেল।’
জাকিয়া বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনেক ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে পিঠা উৎসবে অংশ নিয়েছেন। শুভেচ্ছা বিচারক শায়লা আজিম, রেখা আহমেদ, আলেয়া চৌধুরী, সালমা ফেরদৌস, সাজেদা জামান, লুৎফা চৌধুরীকে। বিচারক শামসাদ হুসাম চৌধুরী পিঠা উৎসবের জন্য প্রথম আলোকে সাধুবাদ জানান।