মিজৌরির ফার্গুসনের পুলিশ বর্ণবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসনের পুলিশের মধ্যে বর্ণবাদী আচরণের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওই বিভাগের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত বছরের আগস্ট মাসে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া হলে নাগরিক অধিকার-সংক্রান্ত এই অনুসন্ধান শুরু করা হয়। খবর বিবিসির।
বিচার বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা পুলিশের আচরণ নিয়ে তৈরি করা এই প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে জানান। গতকাল বুধবারই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা ছিল।
১৮ বছর বয়সী মাইকেল ব্রাউন নিহত হন এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে। ওই ঘটনার পর ফার্গুসন শহরতলীয় গণ্ডি ছাড়িয়ে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় প্রতিবাদ। ফার্গুসনের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী কৃষ্ণাঙ্গ হলেও স্থানীয় পুলিশ বাহিনী শ্বেতাঙ্গপ্রধান। জনপদটিতে কৃষ্ণাঙ্গরা প্রায়ই পুলিশের অন্যায্য আচরণের শিকার হয় বলে বরাবরের অভিযোগ।
বিচার বিভাগের প্রতিবেদনে কোনো কারণ ছাড়া যত্রতত্র তল্লাশি এবং আটকের বিষয়ে পুলিশ বিভাগকে দায়ী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বিচার বিভাগের আরেকটি প্রতিবেদনে মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।
পরিসংখ্যানে দেখা গেছে, ফার্গুসনের পুলিশ অনেক সময় অযথাই রাস্তায় কৃষ্ণাঙ্গদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শহরতলিতে কৃষ্ণাঙ্গদের সংখ্যা মোট জনসংখ্যার ৬৭ শতাংশ। অথচ ২০১২ থেকে ২০১৪ সালে পুলিশের হাতে আটক হওয়া মানুষের ৯৩ শতাংশই ছিল কৃষ্ণাঙ্গ।
বিচার বিভাগের প্রতিবেদনে কৃষ্ণাঙ্গদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়েও পুলিশকে দায়ী করা হয়েছে। মিজৌরির গর্ভনরের কার্যালয় এবং পুলিশের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে চাননি। গর্ভনর কার্যালয়ের এক মুখপাত্র শুধু বলেন, ‘আমরা প্রতিবেদনটি দেখিনি। তাই সেটা নিয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’