মিজৌরির বিক্ষোভের উত্তাপ কমে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার প্রতিবাদে চলা বিক্ষোভের উত্তাপ কিছুটা কমে এসেছে। তবে গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এএফপি ও বিবিসির।
অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার গতকাল বুধবার ফার্গুসনে গেছেন। তিনি কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮) হত্যার ঘটনায় কেন্দ্রীয় তদন্ত কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন।
মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস নগরের ফার্গুসন শহরতলিতে ৯ আগস্ট বাগ্বিতণ্ডার সময় এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র ব্রাউন নিহত হন। তিনি বর্ণবাদের বলি হয়েছেন, এ অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত ওই এলাকার বাসিন্দারা। পুলিশের দাবি, মাস্তানি করার সময় শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসনের গুলিতে ব্রাউন নিহত হন।
মিজৌরি হাইওয়ের টহল পুলিশের ক্যাপ্টেন রোন জনসন বলেছেন, গত মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মোটামুটি শান্ত ছিল। যদিও গভীর রাতের দিকে কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পানি ও প্রস্রাব ভর্তি প্লাস্টিকের বোতল ছুড়ে মারলে কিছুটা উত্তেজনা ছড়ায়। তবে পুলিশকে লক্ষ্য করে আগের রাতের মতো গুলি ছোড়া হয়নি। ৪৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং তিনটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।