মিজৌরিতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে গতকাল সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি শহরটিতে পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর সেখানে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বিক্ষোভকারীদের শান্ত থাকতে প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানের কয়েক ঘণ্টা পর সেখানে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, একটি সাঁজোয়া যান ও একটি হেলিকপ্টার-সজ্জিত পুলিশ বিক্ষোভকারীদের বারবার সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর তারা কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়েছে। এরপর তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
রয়টার্সের খবরে জানানো হয়, অন্তত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফার্গুসনে জারি করা রাত্রিকালীন কারফিউ গতকাল তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মিজৌরি অঙ্গরাজ্যের গভর্নর। একই সঙ্গে সেখানে পুলিশকে সহায়তায় ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করতে আগামীকাল বুধবার ফার্গুসনে যাবেন তিনি।
৯ আগস্ট ফার্গুসনে এক পুলিশের গুলিতে নিহত হন ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউন। গতকাল তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মাথায় দুটিসহ ব্রাউনকে অন্তত ছয়টি গুলি করা হয়েছে।