মিজৌরিতে সহিংসতা থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে বিক্ষোভ ও সহিংসতা থামছেই না। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের মৃত্যুর জেরে গত সোমবার রাতেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে গুলি, পেট্রলবোমা ও পাথর ছুড়ে মারতে থাকলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৩১ জনকে। খবর এএফপি ও রয়টার্সের।
মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস নগরের শহরতলি ফার্গুসনের রাস্তায় ৯ আগস্ট শ্বেতাঙ্গ এক পুলিশ সদস্যের গুলিতে নিহত হন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮)। ব্রাউন বর্ণবাদী আচরণের বলি হয়েছেন, এমন অভিযোগে সেখানে এক সপ্তাহের বেশি
সময় ধরে বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভ একপর্যায়ে সহিংসতা ও লুটপাটে রূপ নিলে গত শনিবার রাতে সেখানে প্রথম কারফিউ জারি করা হয়। তবে অনেকেই কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান।
মিজৌরি মহাসড়ক টহল পুলিশের ক্যাপ্টেন রন জনসন গতকাল মঙ্গলবার সকালে জানান, সোমবার রাতেও ২০০ জনের মতো লোক বিক্ষোভ দেখাচ্ছিল। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও পাথরের পাশাপাশি গুলি ছুড়তে থাকে। তখন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের সময় দুজন বিক্ষোভকারী এবং পুলিশের চারজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান ক্যাপ্টেন জনসন।
বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের দিকে অগ্রসর হলে এবং কেউ কেউ দাঙ্গা পুলিশকে আক্রমণ করে বসলে তা সংঘাতে রূপ নেয় বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা জনসন। তিনি বলেন, ‘কিছু সহিংস বিক্ষোভকারী জনতার মধ্যে লুকিয়ে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। আমাদের কর্মকর্তাদের প্রচণ্ড গুলির মুখোমুখি হতে হয়। তবে জবাবে পুলিশ একটি গুলিও ছোড়েনি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্গুসন এলাকায় মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স ‘ন্যাশনাল গার্ড’ সদস্যদের মোতায়েন করা হলেও এখন পর্যন্ত তাদের উপস্থিতি সীমিত পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ওবামার নির্দেশে মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার আজ বুধবার ফার্গুসনে যাচ্ছেন। কৃষ্ণাঙ্গ তরুণ ব্রাউন হত্যায় নাগরিক অধিকারবিষয়ক তদন্ত শুরু করেছে বিচার বিভাগ। স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ ও পরিস্থিতির অতি সামরিকীকরণের অভিযোগ তুলেছেন।