মিজৌরির শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলির নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন পদত্যাগ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, উইলসনের আইনজীবী নিল ব্রুনট্রাগার গতকাল শনিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উইলসন বলেছেন, বিক্ষোভকারীদের সহিংসতার হুমকির পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
গত ৯ আগস্ট ফার্গুসনে ব্রাউনকে গুলি করে হত্যা করেন উইলসন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিজৌরিতে শুরু হয় বিক্ষোভ।
গত সপ্তাহে মিজৌরির গ্র্যান্ড জুরি উইলসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ না আনার সিদ্ধান্ত নেন। গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তের প্রতিবাদে মিজৌরিতে সহিংস বিক্ষোভ হয়। এ ছাড়া সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।