মিডটাউন বাস টার্মিনাল পুনর্নির্মাণে তিন বিকল্প পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ব্যস্ততম বাস টার্মিনাল মিডটাউন বাস টার্মিনাল পুনর্নির্মাণে তিনটি বিকল্প পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষ ২৩ মে বাস টার্মিনালটি পুনর্নির্মাণে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বর্তমান স্থানেই টার্মিনালটি পুনর্নির্মাণ করা, টার্মিনালকে কয়েক ব্লক দূরে জাভিটস সেন্টারের নিচে স্থানান্তর করা এবং ইন্টারসিটি বাস অপারেশনগুলো জাভিটস সেন্টার বেসমেন্টে স্থানান্তর করে বর্তমান টার্মিনালে নিউজার্সি ভ্রমণকারীদের জন্য আরও স্থান মুক্ত করা। তিনটির যেকোনোটি নিয়েই এগোতে চায় কর্তৃপক্ষ। প্রতিস্থাপনের কাজগুলো ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।

১৭ মে নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভার পর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেভিন ও’টোলি সাংবাদিকদের বলেন, ‘পরিকল্পনাটি এখন বাস্তবে রূপ নিচ্ছে। এটি একটি স্মরণীয় মুহূর্ত।’ পোর্ট অথোরিটি জুলাই ও সেপ্টেম্বরে দুটি অঙ্গরাজ্যের প্রতিটিতে দুটি করে অর্থাৎ মোট চারটি পাবলিক শুনানি হোস্টিং করবে। জনসাধারণ অনলাইনেও ফিডব্যাক জমা দিতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯৫০ সালে নির্মিত টার্মিনালটি দিয়ে প্রতি সপ্তাহে প্রায় ২ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করে। ১৯৮১ সালে টার্মিনালটি পুনর্নির্মাণ করা হয়। সে সময় থেকে টার্মিনালটির জনপ্রিয়তা কমে আসে। কারণ বর্তমান টার্মিনাল স্থানটি অন্ধকার ও অপরিচ্ছন্ন। বর্তমান স্থানটি থেকে টার্মিনাল পরিচালন করাও কঠিন। এসব সংকট নিরসন করে ২০৪০ সালের মধ্যে টার্মিনালটিকে আবারও জনপ্রিয় করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

বন্দর কর্তৃপক্ষ ২০১৭ সালে টার্মিনালের জন্য ৩০০ কোটি ডলারের তহবিল জমা করেছে। তবে এ ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এটি এমনকি ১ হাজার কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে রাজনীতিক ও কর্মকর্তারা নতুন টার্মিনালের জন্য তহবিল গঠন ও একটি উপযুক্ত স্থান নির্ধারণের ওপর জোর দিচ্ছেন। এমনকি টার্মিনালটি জনবহুল মিডটাউন থেকে সরিয়ে নিউজার্সিতে নিয়ে যাওয়ার কথাও বলছেন কেউ কেউ। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রিক কটন বলেন, ‘প্রকল্পগুলো দুটি মূল অগ্রাধিকারের ভিত্তিতে কার্যকর হবে। এখন পর্যন্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সবার মত নেওয়া হচ্ছে।’