মিত্র খুঁজছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে মিত্র খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজেদের মিত্র হতে পারে—এমন কয়েকটি দেশের সঙ্গে গোপনে যোগাযোগও করে যাচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার টিএনএনের খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জর্ডান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে পেতে আড়ালে তত্পরতা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য আগে থেকেই মার্কিনদের মিত্র। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ভালো যোগাযোগ আছে। সে ক্ষেত্রে এসব দেশকে রাজি করাতে ওবামা প্রশাসনকে বেশ কাঠখড় পোড়াতে হবে।

তবে যুক্তরাষ্ট্র যখন মিত্র খুঁজতে ব্যস্ত, তখন তার দেশেরই এক নাগরিক ডগলাস ম্যাককেইন (৩৩) সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীর পক্ষে লড়াই করে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিনেপোলিসের বাসিন্দা ডগলাস ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন। সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধকালে তিনি মারা যান।

আবার বিপরীত চিত্রও আছে। সাধারণত এসব জঙ্গিগোষ্ঠী যুক্তরাষ্ট্র ও দেশটির নাগরিকদের ‘শত্রু’ হিসেবে দেখে। এর সাম্প্রতিক প্রমাণ, আইএস মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে হত্যা করে। সংগঠনটি বেশ কয়েকজন মার্কিন নাগরিককে বন্দী করেছে। এর মধ্যে আছে সিরিয়ায় ত্রাণকর্মী হিসেবে কাজ করা এক মার্কিন তরুণী। ওই তরুণীর মুক্তির জন্য আইএস ৬৬ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে।

জঙ্গিরা মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফকে জিম্মি করেছেন। তাঁর মা শ্যারলি সটলফ গতকাল বুধবার এক ভিডিও বার্তায় আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির কাছে ছেলের প্রাণ রক্ষার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘মার্কিন সরকারের কাজের ওপর স্টিভেনের কোনো নিয়ন্ত্রণ নেই। সে নিরপরাধ সাংবাদিক। আমার ছেলের মুক্তির আকুতি জানাচ্ছি। খলিফা হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করার জন্য আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

পরিস্থিতি যখন এমন, তখন গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বর্বর জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে জোট গড়বে যুক্তরাষ্ট্র। ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জঙ্গিরা পারবে না। তবে আইএসের মতো ক্যানসারকে নির্মূল করার কাজ সহজ আর দ্রুত হবে না বলেও তিনি জানিয়ে দেন।