মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চলবে

মিথ্যা মামলা দায়ের করে অযথা হয়রানি করার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফোবানা কনভেনশন কমিটি। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে কমিটি। ৩ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফোবানা কনভেনশন কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩৩তম ফোবানা কনভেনশন একাংশের আহ্বায়ক শাহ নেওয়াজ।
সংবাদ সম্মেলনে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান বলেন, তাঁরা সব সময় ঐক্য চান। প্রবাসীদের ঐক্যের স্বার্থে যেকোনো পদক্ষেপ গ্রহণে তাঁরা প্রস্তুত আছেন। আসছে ফোবানা সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এক প্রশ্নের জবারে শাহনেওয়াজ বলেন, ‘আমরা ফোবানা কনভেনশন করছি লা গার্ডিয়া ম্যারিয়টে। দীর্ঘদিন ধরে এর প্রস্তুতিও চলছে। প্রস্তুতির কার্যক্রমও শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে এসে ফোবানার আরেকটি অংশ নার্গিস আহমেদ ও আবীর আলমগীর গংরা আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এর প্রতিবাদ জানাই। মূলত আমরা করছি ফোবানা কনভেনশন আর অপর পক্ষ ফোবানা। দুটি আলাদা নামে আলাদা জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তাঁদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আদালতেও আমরা একই বিষয় উপস্থাপন করব।’
এ ছাড়া বিভিন্ন মিডিয়ায় ফোবানা কনভেনশনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ফোবানা কনভেনশনের সদস্যসচিব ফিরোজ আলম, ফোবানা স্টিয়ারিং কমিটির নির্বাহী সম্পাদক কাজী আযম, ফোবানা কনভেনশনের যুগ্ম সদস্যসচিব মাকসুদুল হক চৌধুরী, আলী ইমাম, মোর্শেদ আল, আতিকুর রহমান ইউসুফজাই, মো. তাজুল ইসলাম, আবু তালেব চান্দু, মোহাম্মদ সেলিম, খন্দকার ফরহাদ প্রমুখ।