মিনেসোটায় দুর্বৃত্তের ছুরিতে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট ক্লাউড শহরে ছুরি মেরে আট ব্যক্তিকে আহত করেছেন এক ব্যক্তি। হামলার একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি। শনিবার রাতে ক্রসরোড সেন্টার নামের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে।
শহরটির পুলিশপ্রধান ব্লেয়ার অ্যান্ডারসন বলেছেন, এটি সন্ত্রাসী হামলা ছিল কি না, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছেন, হামলার সময় ওই ব্যক্তি ‘আল্লাহ’ শব্দটি জড়িয়ে কিছু একটা বলেছিলেন এবং কমপক্ষে এক ব্যক্তিকে ছুরি মারার আগে তিনি মুসলিম কি না, তা জিজ্ঞেস করেছিলেন।
নিউইয়র্কে ‘ইচ্ছাকৃতভাবে ঘটানো’ বিস্ফোরণে ২৯ জন আহত এবং নিউ জার্সিতে একটি পাইপ বোমা বিস্ফোরণের ঘটনার মধ্যেই এমন ঘটনা ঘটল।
মিনেসোটার ঘটনা প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ব্যক্তিগত নিরাপত্তাকর্মীর পোশাক পরা এক ব্যক্তি একটি ছুরি নিয়ে বিপণিবিতানটিতে ঢুকে পড়ে। এলোপাতাড়িভাবে লোকজনকে ছুরি মারতে থাকে। এ সময় দায়িত্বরত ছিলেন না এমন একজন পুলিশ কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করেন। আহত ব্যক্তিদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়। সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। একজনকে ভর্তি রাখা হয়। তিনি বলেন, লোকটির হামলা চালানোর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।