মিরসরাই সমিতির জাঁকজমক বনভোজন

প্রতি বছরের মতো এবারও জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিরসরাই সমিতি ইউএসএর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় পুরোনো স্মৃতিচারণ, ব্যক্তিগত খোঁজখবর ও বিনোদনই ছিল বনভোজনের মূল আকর্ষণ। ৪ আগস্ট লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ বনভোজনে সবার মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য। বড়দের ফুটবল, শিশুদের দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানি, মেয়েদের বালিশ প্রতিযোগিতাসহ বেশ কয়েকটি খেলায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। ব্যক্তিগত স্মৃতিচারণ ও পারিবারিক খোঁজখবর নেওয়ার মধ্যে দিয়ে উৎসবে মেতে উঠেছিল সবাই। আড্ডার ফাঁকে গৃহিণীদের হাতে বানানো আমের ভর্তাসহ নানা স্বাদের আঞ্চলিক খাবার পরিবেশন করা হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় বনভোজনের কার্যক্রম। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ছিল র্যাফেল ড্র ও আলোচনা সভার আয়োজন। সমিতির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া মিল্টনের পরিচালনায় দু পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মনির আহমেদ, মিজানুর রহমান জাহাঙ্গীর, জসিম উদ্দিন, মাজহারুল্লাহ মিয়া, আবুল হাসেম ভূঁইয়া, এক্সিট রিয়েলটি কর্মকর্তা এম এম আলমগীর, মার্কস হোম কেয়ারের মার্কেটিং কর্মকর্তা কাপি, সমিতির সহসভাপতি আসিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, বনভোজন কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসাইন, সদস্যসচিব আনোয়ারুল ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী খান ও যুগ্ম সচিব মাসুদ হোসাইন। বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইকবাল হায়দার, বলাই শর্মা, আরিফুল হাসান, বেলাল আহমেদ, সাইফুদ্দিন ভূঁইয়া, জিয়াউর রহমান, কাজী সাইফুল আলম, মো. মামুন, ফরহাদ হোসাইন প্রমুখ।