মিলনের আনন্দে মেতেছিল প্রবাসী নাগরীবাসী

আমেরিকার মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রবাসী নাগরীবাসীদের মিলনমেলা উদ্যাপিত হয়েছে। ১ জুন শহরের রস্কো আর নিক্স এলিমেন্টারি স্কুলে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে নাগরী ধর্মপল্লী অধীনস্থ গ্রামের দেড় শতাধিক খ্রিষ্টভক্ত অংশ নেন।
সিলভার স্প্রিং শহরের রস্কো আর নিক্স এলিমেন্টারি স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত মিলনমেলায় সুদূর কানাডা থেকে সপরিবারে ছুটে আসেন সময়-লাভলী পরিবার। নিউইয়র্ক থেকে আসেন সুশীল রোজারিও পরিবার। বৈচিত্র্যময় শুভযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিভিন্নজনের হাতে নিজ গ্রামের নামশোভিত প্ল্যাকার্ড ছিল। সবচেয়ে প্রবীণ নিকোলাস রেগো নিজ গ্রাম ভুরুরিয়ার প্ল্যাকার্ড বহন করেন। শুভযাত্রা শেষে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মাইকেল খোকন রোজারিওর আহ্বানে মঞ্চে আসন গ্রহণ করেন সন্তোষ রেগো, লিও রড্রিক্স, লরেন্স কস্তা, সময় বার্নার্ড গোমেজ ও মিলন রড্রিক্স।
আলোচনার শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রারম্ভিক প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন জন রোজারিও। অনুষ্ঠানে নাগরীর সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করেন সন্তোষ রেগো, লিও রড্রিক্স, লরেন্স কস্তা, সময় বার্নার্ড গোমেজ ও মিলন রড্রিক্স, ডলি রড্রিক্স, সুবাস আব্রাহাম ডি’কস্তা, পল পরিমল রোজারিও(পরি), খোকন রোজারিও (ভক্ত), দীপিকা রোজারিও, ড পল ফেবিয়ান গোমেজ, লিলি রেগো ও সুশীল রোজারিও।
আলোচনায় নাগরী অঞ্চলের দরিদ্রদের সাহায্য, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে স্কুল উন্নয়নের জন্য তহবিল গঠন ও নগরীর ঐতিহ্য রক্ষাসহ বিভিন্ন দিক উঠে আসে।
দ্বিতীয় পর্বে বিপুল এলিট গনছালভেস ও কাঁকন রোজারিওর হাস্যরসাত্মক উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। প্রবাসে জন্ম নেওয়া একদল শিশু মেঘা গ্রেস, এলিনা ও এমিলিয়া পরিবেশন করে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি। সংগীত পরিচালনায় ছিলেন মুক্তা মেবেল রোজারিও। ‘এসো শ্যামল সুন্দর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে মঞ্জুরি নৃত্যালয়ের শিক্ষার্থী রীতি, পিটার ও স্যান্ড্রা। কোরিওগ্রাফিতে ছিলেন শিল্পী গ্লোরিয়া রোজারিও। একক নৃত্য পরিবেশন করে কানাডা থেকে আগত সৈকত গোমেজ। একক সংগীত পরিবেশন করেন কেনেডি রেগো। মুক্তা মেবেল রোজারিও ও ভিক্টর রোজারিও। বাঁশি বাজিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন এলিসিয়া রেগো। বধুনৃত্য পরিবেশন করেন গ্রেসি, জিনিয়া, নিয়তি, রিতু ও রেশমা। বিপুল এলিট গনছালভেসের রচনা ও পরিচালনায় জারি গান পরিবেশনায় বিপুলের সঙ্গে অংশ নেন ডলি রড্রিক্স, সান্ত্বনা রোজারিও, রত্না রেগো, সবিতা, কাঁকন রোজারিও, মুক্তা মেবেল রোজারিও, সুকুমার পিউরিফিকেশন ও রতন রোজারিও।
অনুষ্ঠানের আকর্ষণ ছিল বিপুল এলিট গনছালভেস, সুকুমার পিউরিফিকেশন ও রতন রোজারিওর আঞ্চলিক ভাষায় কৌতুকের পরিবেশন। সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সংগত করেন সুকুমার পিউরিফিকেশন ও রতন রোজারিও। জিপসিতে কাঁকন রোজারিও ও গিটারে কাজল দাস। সবশেষে আগামী দিনের কর্ম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রাতের খাবার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।