মিশিগানের গভর্নরকে অপহরণের ষড়যন্ত্র, গ্রেপ্তার ৬
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণ করে জিম্মি করে অঙ্গরাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার এক গভীর ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে এফবিআই। এর সঙ্গে ১৩ ব্যক্তি যুক্ত রয়েছে বলে জানা গেছে। এফবিআই বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ফেডারেল কোর্টে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে গভর্নরকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে পাঁচজনই মিশিগানের বাসিন্দা ও একজন ডেলাওয়ার বাসিন্দা।
তদন্ত কর্মকর্তারা জানান, তাঁরা চলতি বছরের প্রথম দিকে এ ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন। ষড়যন্ত্রকারীরা অঙ্গরাজ্য সরকারের পতনের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে ক্রফট ও ফক্স নামের দুই ব্যক্তি রাজ্য সরকারের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অন্যদের নিয়োগের ব্যাপারে সম্মত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশিগানের আরও সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের নথিসূত্রে জানা গেছে, গত ৬ জুন ওহাইও অঙ্গরাজ্যের ডাবলিনে ক্রফট ও ফক্স নামের দুই ব্যক্তি অন্য অঙ্গরাজ্যের ১৩ ব্যক্তির সঙ্গে মিলিত হন। নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তাঁরা শান্তিপূর্ণ থেকে সহিংস—সব ধরনের পদক্ষেপের বিষয়ে আলোচনা করে।
পুলিশ জানায়, মিশিগান অঙ্গরাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এ দলের সদস্যরা নিয়মিত মিলিত হতেন এবং বন্দুকের প্রশিক্ষণ নিতেন। দলের সদস্য ফক্সের একটি ফোনকল থেকে জানা যায়, নভেম্বরের ভোটের আগে অঙ্গরাজ্যের ক্যাপিটাল ভবনে হামলা এবং গভর্নরকে অপহরণ করে জিম্মি করতে তাঁর ২০০ মানুষের প্রয়োজন। গত ২৮ জুন ফক্স ও তাঁর বান্ধবীসহ কয়েক ব্যক্তি মিশিগানের মুনিথে একটি কৌশলগত প্রশিক্ষণ মহড়ায় অংশ নেন। দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে ফক্স বলেছিলেন, হুইটমার যখন তাঁর বাড়িতে গ্রীষ্মের ছুটিতে আসবেন, তখন তাঁকে অপহরণের সর্বোত্তম সময়। অপহরণের সময় ব্যবহারের জন্য টিজার কেনার কথাও ফক্স ফোনে আলাপ করেছিলেন এবং ৮ লাখ ভোল্টের টিজার তিনি কিনেছেন বলেও গত ২ অক্টোবর নিশ্চিত করেন তিনি।