মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বর্ণিল উদ্বোধনীর মাধ্যমে শুরু হয়েছে প্রথম মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের। ৬ মে সকালে ট্রয় নগরীর কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রবাসী বাংলাদেশি আয়োজিত মিশিগানের বিভিন্ন শহরের বাংলাদেশি-আমেরিকান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গঠিত ৬টি দল এতে অংশ নিয়েছে। টুর্নামেন্টের আয়োজনের স্পনসর করেছে বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ও কমিউনিটি নেতা দেবাশীষ মৃধা এবং চিনু মৃধার ‘মৃধা ফাউন্ডেশন’।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. দেবাশীষ মৃধা টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন মৃধা ফাউন্ডেশনের কর্ণধার চিনু মৃধা।
দেবাশীষ মৃধা বলেন, ‘জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে আমরা পরবাসে মিলিত হতে পারছি। মিশিগানে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।’ বিভিন্ন পেশা ও বয়সের বাংলাদেশিদের একত্রিত করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন। একই সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তা কাজে লাগিয়ে কমিউনিটিকে একত্রিত করার কাজ করতে হবে বলে তিনি জানান। তিনি বলেন, ভবিষ্যতেও কমিউনিটির সব কার্যক্রমে মৃধা ফাউন্ডেশন সঙ্গে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মিশিগানের দুটি মাঠে এক সঙ্গে খেলা শুরু হয়। মাঠে বসে শতাধিক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। খেলার স্কোর অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।
ট্রয় কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স ও ওকল্যান্ড গোল্ডসের মধ্যে। অন্যদিকে ২০ মাইল দূরে ওয়ারেন টম্বলি মাঠে মুখোমুখি হয় স্যাগিনো টাইগার্স ও ওয়েন স্টেট টাইগার্স। দিনের শেষ ম্যাচে খেলে মিশিগান বেঙ্গলস হিরো’স ও মিশিগান কোবরা। মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স, ওয়েন স্টেট টাইগার্স ও মিশিগান বেঙ্গলস হিরো’স প্রথম খেলায় জয় পায়। রবিন লিগ পদ্ধতির এ খেলায় পয়েন্ট তালিকায় প্রথম দল সরাসরি ফাইনাল খেলবে। বিপিএলের আদলে এলিমিনেটর ম্যাচের মাধ্যমে আরেক ফাইনালিস্ট নির্ধারিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাহউদ্দিন আজিজ ও সাইফ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের (আবিয়া) সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. জাকিরুল হক টুকু, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার, আবিয়া গ্রেট লেক চ্যাপ্টারের সভাপতি সাদেক রাহমান, বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার কমিটির (ব্যাপাক) জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সাইদ, শফিক বারি, আবিয়া নেতা আবু আশরাফ, ইমরান হোসাইন, সাংস্কৃতিক সংগঠন অনুরণনের উদ্যোক্তা জাফরি আল ক্বাদরী, বিডি টাইগার্সের কর্মকর্তা আনসার, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস-এর (বিএডিসি) সেক্রেটারি রাহাত খান, কমিউনিটি নেতা ডি এম নূর, মোহাম্মদ ইসলাম শাহিন, আবিদ রহমান, ফরহাদ পুলক ও ছয় দলের অধিনায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম শহীদ, আবিয়া নেতা মনির জামান, আহমেদ খান জামী, শহিদুল খান রুবেল, তারিক মাহমুদ সূলক, মাহমুদুল খান আপেলসহ কমিউনিটির অন্যান্য নেতারা।