মিশিগান স্বাস্থ্য বিভাগের প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডন পদত্যাগ করেছেন। ২২ জানুয়ারি দুপুরে এক টুইট বার্তায় রবার্ট গর্ডন নিজেই এই তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় রবার্ট গর্ডন বলেছেন, ‘আজ আমি হুইটমার প্রশাসন থেকে পদত্যাগ করছি। দারুণ সহকর্মীদের পাশে কাজ করা সত্যিই অনেক সম্মানের ব্যাপার। আমি পরবর্তী অধ্যায়ের প্রত্যাশায় আছি।

এদিকে রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার এক বিবৃতিতে জানিয়েছেন, রবার্ট গর্ডন পদত্যাগ করেছেন। এত দিন সেবা দেওয়ার জন্য তিনি গর্ডনকে ধন্যবাদ জানিয়েছেন।

গভর্নর জানিয়েছেন, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নতুন পরিচালক হবেন স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র চিফ ডেপুটি ডিরেক্টর এলিজাবেথ হার্টেল। হার্টেল মিশিগানবাসীর স্বাস্থ্য রক্ষায় তাঁর কর্মজীবন নিবেদিত করেছেন। হুইটমার বলেন, ‘এলিজাবেথ হার্টেল উভয় পক্ষের একাধিক প্রশাসনে কাজ করেছেন। কীভাবে লোকদের একত্রিত করতে হয় তা তিনি জানেন।’

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের নতুন পরিচালক হচ্ছেন এলিজাবেথ হার্টেল
ছবি: মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ওয়েবসাইট থেকে নেওয়া

এক বিবৃতিতে হার্টেল বলেছেন, তিনি তাঁর দায়িত্ব পালনে প্রস্তুত। হার্টেল বলেন, ‘যেহেতু আমরা নিরাপদ ও কার্যকর করোনাভাইরাসের টিকা বিতরণ এবং মহামারির অবসান ঘটাতে কাজ করছি, আমি মিশিগানবাসীদের নিরাপদ ও স্বাস্থ্যকর রাখতে গভর্নর হুইটমার এবং তাঁর প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।এই সময় বিভাগের নেতৃত্ব দেওয়ার সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’

এদিকে গভর্নর গ্রিচেন হুইটমার নিশ্চিত করেছেন, রাজ্যের রেস্তোরাঁগুলোতে ইনডোর ডাইনিং, ক্যাসিনো, সিনেমা থিয়েটার ও স্টেডিয়াম আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে। নতুন আদেশের অধীনে, দুটি পরিবার থেকে ১০ জন পর্যন্ত অনাবাসিক জমায়েতের অনুমতি রয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেছেন, ‘বিরতি কাজ করেছে। আমাদের পরিবার, ফ্রন্টলাইন কর্মী এবং হাসপাতাল এক সঙ্গে যে প্রচেষ্টা নিয়েছি, তাতে সংক্রমিতের সংখ্যা হ্রাস হয়েছে। এবার মিশিগানবাসী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে পারেন তা হলো—টিকা দেওয়ার সুযোগ যখন আপনার কাছে আসবে তখন নিরাপদ টিকা পাওয়ার একটি পরিকল্পনা করবেন; সব সময় মাস্ক পরা এবং ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা।

মিশিগানের চিফ মেডিকেল এক্সিকিউটিভ জে. খালদুন বলেন, ‘সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হারের ইতিবাচক উন্নতি দেখে আমরা সন্তুষ্ট হয়ে কিছু কার্যক্রম আবার চালু করার অনুমতি দিয়েছি। তবে সবাইকে সচেতন থাকতে হবে।