মিশিগানসহ চার অঙ্গরাজ্যে জয় বাইডেনের

গেল সুপার টিউসডের জয়ের ধারা অব্যাহত রেখেছেন জো বাইডেন। গতকাল মঙ্গলবার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে একযোগে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানসহ চার অঙ্গরাজ্যে জয় পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্স থেকে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার মিশিগানসহ মিসিসিপি, মিজৌরি ও আইডাহো অঙ্গরাজ্যে জয় পান জো বাইডেন। এর মধ্যে মিশিগানের জয় তাঁকে অনেকখানি এগিয়ে দিয়েছে। ২০১৬ সালে মিশিগানে বড় জয় পেয়েছিলেন বার্নি স্যান্ডার্স। দ্বিতীয় এ সুপার টিউসডেতে বাছাইপর্বের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নর্থ ডেকোটা ও ওয়াশিংটনেও। এই দুটি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন স্যান্ডার্স।
গতকালের এই জয়ের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্সের হোয়াইট হাউসের জন্য লড়াইয়ের মনোনয়নের স্বপ্ন অনেকটাই ফিকে করে দিলেন বাইডেন। তবে জয়ের পর দলের স্বার্থে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন ৭৭ বছর বয়সী বাইডেন। প্রাইমারির ফল ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি স্যান্ডার্সের সমর্থকদের প্রতি দলীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান। ফিলাডেলফিয়ায় দেওয়া বক্তব্যে তিনি স্যান্ডার্স ও তাঁর সমর্থকদের প্রশংসা করে বলেন, ‘আমাদের লক্ষ্য একই। আর এক জোট হয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করব।’
ভোটের পর এডিসন রিসার্চের প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, মিশিগান, মিজৌরি, মিসিসিপি ও আইডাহোতে বাইডেন জয় পেয়েছেন মূলত বিভিন্ন শ্রেণি ও বর্ণের সমর্থকদের ভোটে। তাঁকে নারী, আফ্রিকান আমেরিকানরা যেমন ভোট দিয়েছেন, তেমনি ভোট দিয়েছেন শ্বেতাঙ্গরাও। বাইডেনকে ভোট দিয়েছেন নানা বয়সী মানুষ যাদের কলেজ ডিগ্রি আছে এবং যাদের নেই—উভয় পক্ষই। মিশিগানের ৯১ শতাংশ প্রিসিঙ্কট থেকে আসা ফলে দেখা গেছে, বাইডেন মোট ভোটের ৫৩ শতাংশ পেয়েছেন। বিপরীতে স্যান্ডার্স পেয়েছেন ৩৭ শতাংশ ভোট। মিসিসিপি ও মিজৌরিতে তিনি পেয়েছেন যথাক্রমে ৮১ ও ৬০ শতাংশ ভোট।
ওয়াশিংটন ও নর্থ ডেকোটার ফল এখনো ঘোষণা না হলেও দুটি অঙ্গরাজ্যেই এগিয়ে রয়েছেন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় ৭৮ বছর বয়সী স্যান্ডার্স। মিশিগানে জয় পাবেন বলে আশাবাদী হলেও শেষ পর্যন্ত তাঁকে আশাহতই হতে হয়েছে। আর নির্বাচনের মাধ্যমে দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ তৈরি হয়েছে তাঁর ওপর। অনেকেই এখন বলছেন, বৃহত্তর ঐক্য ও দলীয় স্বার্থের কথা বিবেচনা করে স্যান্ডার্সের উচিত আগেই সরে পড়া। দ্বিতীয় সুপার টিউসডের এ ফলের পর ভারমন্টে ফিরে যাওয়া স্যান্ডার্স এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় প্রভাব ফেলেছে করোনাভাইরাস। বুথফেরত ভোটারদের মধ্যে প্রতি দুজনে একজন এমন পরিস্থিতি মোকাবিলায় বাইডেনের ওপর আস্থা রেখেছেন। বিশ্লেষকেরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিই অনেক হিসাব পাল্টে দিচ্ছে। এ ক্ষেত্রে সাবেক বারাক ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অভিজ্ঞ বাইডেনের ওপরই ভরসা রাখছেন অধিকাংশ ভোটার। এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে উভয় প্রার্থীই গতকাল পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচার চালাননি।