মিশিগানে এ সপ্তাহে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের একটি কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করতে আসা মানুষের গাড়ির দীর্ঘ লাইন। ফাইল ছবি: এএফপি
মিশিগানের একটি কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করতে আসা মানুষের গাড়ির দীর্ঘ লাইন। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত মে মাসের পর চলতি সপ্তাহে সংক্রমণের হার সবচেয়ে বেশি। চলতি সপ্তাহে করোনায় সংক্রমিতের সংখ্যা ৪ হাজার ২৩২। গত ১৭ মে পর্যন্ত এক সপ্তাহে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৬১ জনের। গত সপ্তাহে সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪১৫। তবে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু মার্চের পর এই সপ্তাহে সবচেয়ে কম। চলতি সপ্তাহে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।

মিশিগান স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১১৭ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৮০ জনের। এ পর্যন্ত ৫৫ হাজার ১৬২ জন রোগী সুস্থ হয়েছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার একটি আইন পাস করেছেন। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস রোধে সবাইকে মাস্ক পরতে হবে। ঘরের ভেতর বা বাইরে জনসমাগম এলাকায় অবশ্যই মাস্ক পরতে হবে। যদি কেউ ইচ্ছাকৃত এ আইন অমান্য করে, তবে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে।

গভর্নর বলেন, করোনাভাইরাস সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তবে আগামী সেপ্টেম্বরে বাচ্চাদের স্কুলে যাওয়া নিরাপদ হবে না। সংক্রমণের তৃতীয় পর্যায়ে ফিরে গেলে বাচ্চাদের স্কুলের ক্লাস ভার্চ্যুয়াল করা হবে।

এদিকে মিশিগানে আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৮ জুলাই মিশিগানের বৃহত্তর ডেট্রয়েট এলাকায় তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইট এবং ১৯ জুলাই তাপমাত্রা ৯০ ডিগ্রি থাকবে। তবে আর্দ্রতা কম থাকার জন্য তাপের সূচক বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে বলে জানা গেছে। সপ্তাহান্তের রোববার একটি উষ্ণ দিন হবে। সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন রোববারের অত্যধিক গরমের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করছে।