মিশিগানে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু, আক্রান্ত ১১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিশিগানে প্রথম রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি পুরুষ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মিশিগানের ওয়েন্ট কাউন্টির বেমন্ট হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়। মিশিগানে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। করোনাভাইরাসের কারণে মিশিগানের ফোর্ড মোটর কোম্পানি, জেনারেল মোটর ও ক্রাইসলারের প্ল্যান্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ট্রয় সিটির বড় শপিং মল সামার সেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক নির্বাহী আদেশে মিশিগানে বার, রেস্টুরেন্ট, জিম, সিনেমা হল, স্পা, ক্যাসিনো সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছেন। তবে রেস্টুরেন্টে অনলাইনে খাবার সংগ্রহ করা যাবে। পাঁচজনের বেশি লোক এক সঙ্গে প্রবেশ করতে পারবেন না এবং একে অপর থেকে ৬ ফুট দূরত্ব বসতে হবে।
এদিকে মিশিগানের সব স্কুল ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
মিশিগানের কয়েকটি সুপার স্টোর ঘুরে দেখা গেছে, স্টোরগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক ও পানির বোতলের সরবরাহ অপ্রতুল। বাঙালি গ্রোসারিগুলোতে চাল ও ভোজ্য তেলের সরবরাহ নেই।
জানা গেছে, ডেলটা এয়ারলাইনস প্রতিদিন ডেট্রয়েট থেকে ৪০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট ২৫% এবং অভ্যন্তরীণ ফ্লাইট ১৫% কমে গেছে। এদিকে বাঙালি কমিউনিটির লোকজন যখন প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে ভুগছিলেন তখন দেশি ফ্রুটস মার্কেটের শেখর দেব ১৫ মার্চ বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিনা মূল্যে চাল ও ভোজ্য তেল বিতরণ করেন।
মিশিগানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন।