মিশিগানে করোনা শনাক্ত ৩ লাখ ৫০ হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই আবার বৃদ্ধি পাচ্ছে। ২৮ নভেম্বর রাজ্যে ৮ হাজার ৮০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ২১। একই সময়ে করোনায় মোট মারা গেছেন ৯ হাজার ৩৬ জন।
মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, রাজ্যে এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ২৬৯ করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। রাজ্যে প্রতিদিন গড়ে ৪৫ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এর মধ্যে ১৩ শতাংশেরও বেশি মানুষের পজিটিভ রিপোর্ট আসছে।
এদিকে মিশিগানের হাসপাতালে করোনায় সংক্রমিত রোগী ভর্তিও বৃদ্ধি পেয়েছে। গত সাত দিনে রাজ্যে গড়ে প্রতিদিন ৬ হাজার ৭৫৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
মিশিগানে এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ২৬৯ করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। রাজ্যে প্রতিদিন গড়ে ৪৫ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এর মধ্যে ১৩ শতাংশেরও বেশি মানুষের পজিটিভ রিপোর্ট আসছে
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর দিক থেকে মিশিগান চতুর্থ অবস্থানে এবং সর্বোচ্চ সংক্রমণের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে।
ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের অধ্যাপক টিনা চোপড়া বলেন, আগামী সপ্তাহের আগে আসল চিত্রটি বোঝা যাবে না। থ্যাঙ্কসগিভিং হলিডের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে ৩০ লাখ মানুষ যাত্রা করেন। বর্তমানে করোনা সংক্রমণের হার ১৩ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই উদ্বেগজনক। বড়দিনের সময় এটি আরও বৃদ্ধি পাবে।
এদিকে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরে ফাইজারের কয়েক লাখ ডোজ ভ্যাকসিন মিশিগানে আসার কথা রয়েছে।
হেনরি ফোর্ড হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ১২ ডিসেম্বর বা এর আগেই তাঁদের কাছে ভ্যাকসিন আসার কথা রয়েছে। তাঁরা পাঁচটি হাসপাতালে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি নিচ্ছেন।