মিশিগানে করোনার সংক্রমণ লাখ ছাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেছে
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৪১ জন করোনায় সংক্রমিত হয়েছে, আর মৃত্যু হয়েছে ছয়জনের। রাজ্যে এ পর্যন্ত এক লাখ ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬ হাজার ৪৪৬ জন।

মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, মিশিগানে এখন প্রতিদিন গড়ে ২৫ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এর মধ্যে ৩ থেকে ৪ শতাংশ পজিটিভ রিপোর্ট আসছে। গত সাত দিনে এখানে গড়ে ৮০৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যে এ পর্যন্ত ৭২ হাজার ৫৮০ জন করোনায় সংক্রমিত রোগী সুস্থ হয়েছে। রাজ্যে ২১ আগস্ট ৪১ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।

মিশিগানে এ পর্যন্ত ৭২ হাজার ৫৮০ জন করোনায় সংক্রমিত রোগী সুস্থ হয়েছে

ওয়েন স্টেট ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক টিনা চোপড়া বলেন, যদি সবাই সামাজিক দূরত্ব, মাস্ক পরা, হাত ধোয়ার মতো সর্বজনীন সুপারিশ অনুসরণ করত, তাহলে এত লোক সংক্রমিত হতো না। মৃত্যুর সংখ্যাও কম থাকত।

এদিকে উইসকনসিনের কেনোশায় কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্ল্যাককে গুলি করার প্রতিবাদে ক্রীড়া দলগুলো একাত্মতা প্রকাশ করেছে। ২৭ আগস্ট রাতে ডেট্রয়েটের টাইগার (জনপ্রিয় বেসবল দল) আন্দোলনে যোগ দেয়। প্রতিবাদে ডেট্রয়েট টাইগার ও মিনেসোটা টুইন তাদের নির্ধারিত খেলা না খেলার সিদ্ধান্ত নেয়।