মিশিগানে করোনায় সংক্রমিতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল

মিশিগানের একটি কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করতে আসা মানুষের গাড়ির দীর্ঘ লাইন। ফাইল ছবি: এএফপি
মিশিগানের একটি কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করতে আসা মানুষের গাড়ির দীর্ঘ লাইন। ফাইল ছবি: এএফপি

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৭৫ হাজার ২৪৮ জন। আর এতে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪১ জনের।

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সূত্রে জানা গেছে, মিশিগানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৫২৩ জন, আর মৃত্যু হয়েছে ৬ জনের। ১১ সপ্তাহের মধ্যে গত সপ্তাহে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল বেশি। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে আমেরিকায় মিশিগান ১৩তম এবং মৃত্যুতে সপ্তম স্থানে আছে।

এদিকে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার পুরো আমেরিকায় মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। ২২ জুলাই নিউইয়র্কের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হুইটমার বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ট্রাম্প প্রশাসনের উচিত এ মূহূর্তে সারা দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা। সবাই যদি মাস্ক ব্যবহার করি, তবে আমরা আরও জীবন বাঁচাতে পারব এবং আসছে সেপ্টেম্বরে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারব।’ তিনি আরও বলেন, মাস্ক না পরলে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এতে রাজ্যের অটো ইন্ড্রাস্ট্রিসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে বাধ্য হতে পারে। আর এ কারণে রাজ্যের হাজারো মানুষ আবার বেকার হয়ে যাবে।

গভর্নর ওয়াশিংটন ইউনিভার্সিটির মডেলের উল্লেখ করে বলেন, আমেরিকার জনসাধারণের ৯৫ শতাংশ যদি মাস্ক ব্যবহার করে, তবে ৪০ হাজার মানুষের জীবন বাঁচানো যাবে।