মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গঠনের লক্ষ্যে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ওয়ারেন সিটির একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ বিভিন্ন কলেজের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় আলোচকেরা সংগঠনটি গঠনের ধারাবাহিক প্রক্রিয়ার প্রশংসা করেন।
সভায় প্রবাসের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনে দলাদলি, অনৈক্য, পদবি নিয়ে দেন-দরবার হয়, এসব যেন সংগঠনটিকে স্পর্শ না করতে পারে, সে বিষয়ে বিশদ আলোচনা হয়। সংগঠনটি যেন কমিউনিটিকে গতিশীল নেতৃত্ব দিতে পারে এবং সে ব্যাপারে সবাই সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে একমত হন।
সংগঠনটি গঠনের লক্ষ্যে এবং এর সঙ্গে আরও অনেককে যুক্ত করতে আগামী ২২ ডিসেম্বর বেলা ১১টায় ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেস্তোরাঁয় আরেকটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় মিশিগানে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর অধীনস্থ বিভিন্ন কলেজের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, কাউন্সিলম্যান আবু মুসা, মো. জিয়াউল চৌধুরী, অরবিন্দ চৌধুরী, মিল্টন বড়ুয়া, মো. চৌধুরী, পি কে চন্দ, মো. লুৎফর রহমান, যতন বড়ুয়া, সৈয়দ মঈন ও মোস্তফা কামাল।