মিশিগানে জরুরি অবস্থার মেয়াদ আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার। ছবি: গভর্নরের ফেসবুক পেজ থেকে নেওয়া
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার। ছবি: গভর্নরের ফেসবুক পেজ থেকে নেওয়া

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছেন রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার। আগে জারি করা জরুরি অবস্থার মেয়াদ ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন গভর্নর।

রাজ গভর্নর গ্রিচেন হুইটমার ৭ আগস্ট বলেছেন, ‘আমরা একটা সংকটকাল অতিক্রম করছি। আমি মিশিগানবাসীকে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে যা করার প্রয়োজন, তা করে যাব।’

রাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে গত ২২ মে গভর্নর গ্রিচেন হুইটমার রাজ্যের স্টে হোম আদেশ ১২ জুন পর্যন্ত এবং জরুরি অবস্থার আদেশ ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। এরপর জুনে হুইটমার জরুরি অবস্থার মেয়াদ ১৬ জুলাই, এরপর ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিলেন। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে গভর্নরের।

এদিকে করোনা সংক্রমণের প্রভাবে মিশিগানে বেকারত্বের হার উদ্বেগজনকহারে বেড়েছে, মাস শেষে অনেকে এখন বিভিন্ন ধরনের বিল দিতে হিমশিম খাচ্ছেন। রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৬২ জন করোনায় সংক্রমিত হয়েছে। তবে একই সময়ে এখানে কারও মৃত্যু হয়নি। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৮৬ হাজার ১৯১ জন এবং সংক্রমণে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৪৭ জনের। রাজ্যে এ পর্যন্ত ৬০ হাজার ২২ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ্ হয়েছে।