মিশিগানে জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশিয়াত রশিদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ১৫০ মিলিয়ন ডলার জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মাশিয়াত রশিদ (৪০) নামের একজন বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। পাশাপাশি ৫১ মিলিয়ন ডলার মেডিকেয়ারকে ফেরত এবং ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে।

দ্য ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, ৩ মার্চ এই রায় ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, মিশিগান ও ওহাইও-ভিত্তিক একটি পেইন ক্লিনিক ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের সিইও মাশিয়াত রশিদ জালিয়াতি ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দণ্ডিত হয়েছেন। জালিয়াতির অর্থ দিয়ে তিনি ব্যক্তিগত জেট বিমানের তহবিল, ব্যয়বহুল এনবিএল ফাইনালের টিকিট, বিলাসবহুল গাড়ি, গয়না ও রিয়েল এস্টেট কিনতে ব্যবহার করেন। মিশিগান অঙ্গরাজ্যের ব্লুমফিল্ডের বাসিন্দা ট্রাই কাউন্টি ওয়েলনেস গ্রুপের সিইও রশিদের ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫১ মিলিয়ন ডলার মেডিকেয়ারকে ফেরত এবং ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি জব্দ করারও আদেশ দেওয়া হয়েছে।

মাশিয়াত রশিদ অপ্রয়োজনীয় ব্যয়বহুল ওষুধ চিকিৎসার নামে শত শত রোগীকে দিয়ে বিপুল অঙ্কের অর্থ তুলে নেন। তিনি চিকিৎসকদের বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে রোগীদের ব্যয়বহুল ইনজেকশনের প্রেসক্রিপশন দিতে উৎসাহিত করতেন

আদালতের নথি থেকে জানা গেছে, ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাশিয়াত রশিদ প্রতিষ্ঠানের সিইও থাকার সময় নানা ধরনের জালিয়াতি করেন। অপ্রয়োজনীয় ব্যয়বহুল ওষুধ চিকিৎসার নামে শত শত রোগীকে দিয়ে বিপুল অঙ্কের অর্থ তুলে নেন। তিনি ৬৩ লাখ ডোজেরও বেশি অপ্রয়োজনীয় ইনজেকশন দিয়ে অর্থ আত্মসাৎ করেন। তিনি চিকিৎসকদের বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে রোগীদের ব্যয়বহুল ইনজেকশনের প্রেসক্রিপশন দিতে উৎসাহিত করতেন। যা রোগীদের আদৌ চিকিৎসায় প্রয়োজন ছিল না। এ ধরনের জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ১২ জন চিকিৎসকসহ ২১ জনকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়েছে।