মিশিগানে জিততে মরিয়া ট্রাম্প-বাইডেন
আমেরিকার নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে যে দল জয়ী হয়েছে সেই দলের প্রার্থীই সরকার প্রধান হয়েছেন। তাই মিশিগানে জয়ের জন্য দুই দলই এখন মরিয়া। করোনা মহামারির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার মিশিগান সফরের ঘোষণা দিয়েছে রিপাবলিকান দল। এর আগে মে মাসে তিনি মিশিগান গিয়েছিলেন।
এদিকে জাতীয় সম্মেলনে জো বাইডেনের বক্তব্যে মিশিগানের ডেমোক্রেট সমর্থকেরা উজ্জীবিত হয়েছেন। তাঁর ভাষণে তাঁরা আশার আলো দেখতে পাচ্ছেন।
ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, আসন্ন নির্বাচন আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশে উৎপাদন ও প্রযুক্তি খাতে ৫০ লাখ নতুন চাকরির ব্যবস্থা করা হবে।
বাইডেনের এই বক্তব্যে মিশিগানের ডেমোক্র্যাটদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কারণ, বিশ্বের সবচেয়ে বড় তিনটি মোটর কারখানা ফোর্ড, জেনারেল মোটরস ও ফিয়াট ক্রাইসলার মিশিগানে অবস্থিত।
জো বাইডেন দলের জাতীয় সম্মেলনের শেষ রাতে দেশের অর্থনীতির ব্যাপারে বলেছেন, আলো বা অন্ধকার দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে। সম্মেলনে বাইডেনকে মিশিগানের বাসিন্দা জেনারেল মোটর কোম্পানির কর্মী ও ইউনাইটেড অটো ওয়ার্কার্স লোকাল ৫৯৬০ অরিয়ন টাউনশিপের ভাইস প্রেসিডেন্ট জেরার্ড ল্যাংয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ল্যাংয়ের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, অটো শ্রমিকদের ভবিষ্যৎ আবার ৪০ ও ৫০ এর দশকের মতো উজ্জ্বল হবে। আগামী দিনগুলো হবে অটো প্রস্তুতকারকদের বিকাশের যুগ। তিনি বলেন, এটি আমেরিকার শিল্প, আমরা এটি তৈরি করেছি।
১৯৮৮ সালে রিপাবলিকানরা মিশিগানে জয়ী হয়েছিল। এর ২৮ বছর পর ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প খুব সামান্য ভোটের ব্যবধানে মিশিগানে জয়ী হয়েছিলেন
মিশিগানে বাইডেনের দীর্ঘ দিনের সমর্থক সাবেক গভর্নর জিম ব্লানচার্ড বলেন, ‘বাইডেনকে আমি ৪৬ বছর ধরে চিনি। তাঁর এ ভাষণ আমার জীবনে শোনা ভাষণগুলোর মধ্যে সেরা।
অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার মুখপাত্র টিম মুর্তো বলেছেন, বাইডেন আনুষ্ঠানিকভাবে উগ্র বামপন্থীদের মনগড়া হয়ে গেছেন।
ডেমোক্র্যাটরা ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে বিজয়ী হওয়া গুরুত্বপূর্ণ মনে করছেন। ১৯৮৮ সালে রিপাবলিকানরা মিশিগানে জয়ী হয়েছিল। এর ২৮ বছর পর ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প খুব সামান্য ভোটের ব্যবধানে মিশিগানে জয়ী হয়েছিলেন। অনেকে মনে করেন, মিশিগানে না জিতলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া অসম্ভব।
মিশিগান হচ্ছে সবকিছুর চালিকা শক্তি, মিশিগান হচ্ছে হোয়াইট হাউসের পথ
ভার্জিনিয়ার সাবেক ডেমোক্রেটিক গভর্নর ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান টেরি ম্যাকালিফ এক সাক্ষাৎকারে বলেছেন, মিশিগান হচ্ছে চাবিকাঠি।
এদিকে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এক টেলিফোন বার্তায় মিশিগানে তাঁদের সমর্থকদের উদ্দেশে বলেছেন, মিশিগান হচ্ছে সবকিছুর চালিকা শক্তি, মিশিগান হচ্ছে হোয়াইট হাউসের পথ।