ডেট্রেয়েট নিউজ ও ডব্লিউডিআইভির জরিপ
মিশিগানে প্রায় ৯ পয়েন্টে এগিয়ে বাইডেন
আসন্ন মার্কিন নির্বাচনে প্রথম বিতর্কের পর ‘সু্ইং স্টেট’ হিসেবে পরিচিত মিশিগান অঙ্গরাজ্যে জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ দশমিক ৮ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেট্রেয়েট নিউজ ও ডব্লিউডিআইভি পরিচালিত এক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। রাজ্যের ৬০০ ভোটারের মধ্যে এই জরিপটি করা হয়।
মিশিগানে ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বাইডেনের, আর ট্রাম্পের জনসমর্থন রয়েছে ৩৯ দশমিক ২ শতাংশ ভোটারের। এই মুহূর্তে জনমতে ট্রাম্পের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ এগিয়ে রয়েছেন বাইডেন
জনমত জরিপ থেকে জানা গেছে, রাজ্যে ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বাইডেনের, আর ট্রাম্পের জনসমর্থন রয়েছে ৩৯ দশমিক ২ শতাংশ ভোটারের। এই মুহূর্তে জনমতে ট্রাম্পের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ এগিয়ে রয়েছেন বাইডেন।
এর আগের জনমত জরিপ থেকে বর্তমান জরিপ পর্যন্ত ট্রাম্প ৩ শতাংশ ভোটার হারিয়েছেন। যাদের বয়স ৬৫ বছরের বেশি তাঁদের মধ্যে ৫৯ শতাংশ ভোটার বাইডেনকে ভোট দেবেন বলে জনমত জরিপ থেকে জানা গেছে।
মিশিগানে বার্নি স্যান্ডার্স
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যূনতম মজুরি বৃদ্ধি করে ১৫ ডলার করা হবে বলে জানিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
এ ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ অক্টোবর মিশিগানের দুটি শহরে জো বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে বার্নি স্যান্ডার্স এ কথা বলেন।
মিশিগানের অ্যান আরবার শহরের কেরিটাউন মার্কেটের বাইরে এবং ম্যাকম্ব কাউন্টির ম্যাকম্ব কমিউনিটি কলেজের পার্কিং লটে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন স্যান্ডার্স। দুই সমাবেশেই স্যান্ডার্স তরুণদের ভোটকেন্দ্রে গিয়ে জো বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্যান্ডার্স অ্যান আরবারের জনসভায় জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কে বেশি দায়িত্বশীল, কে বেশি করোনা মহামারি মোকাবিলায় সচেষ্ট হবেন? জবাবে জনতা ‘জো বাইডেন, জো বাইডেন’ বলে করতালি দিতে থাকে।