মিশিগানে দুর্গাপূজা উদ্যাপন

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট ও তার পার্শ্ববর্তী এলাকায় উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কালীবাড়ি মন্দির ও দুর্গাবাড়ি মন্দির, ট্রাই সিটি বাঙালি অ্যাসোসিয়েশন, বিচিত্রাসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক মণ্ডপে পূজা আয়োজন করে। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।
এবার পূজার দিনে মিশিগানের আবহাওয়া ভালো থাকায় সকাল থেকেই অঙ্গরাজ্যের দূর-দুরন্ত থেকে পূজারিরা পূজামণ্ডপে এসে সমবেত হতে শুরু করেন। প্রতি বছরের মতো এবারও হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান উপস্থিত হয়েছিলেন এ সর্বজনীন উৎসবে। নিয়ম অনুযায়ী অঞ্জলি দেওয়ার পর উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয় পূজার প্রসাদ।
মিশিগান দুর্গা মন্দিরে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জি বাংলার সারেগামাপা’র শিল্পী স্বাগতা দে। শেষ দিনে ছিল ঐতিহ্যবাহী ধূনুচি নৃত্য। ছিল বিশেষ নৃত্যালেখ্যের পরিবেশনা। অঙ্গরাজ্যের সাগিনাও শহরে দুর্গাপূজার আয়োজন করে ট্রিই-সিটি বাঙালি অ্যাসোসিয়েশন। এ উপলক্ষে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করেন সারেগামাপা ফাইনালিস্ট বিশ্বজিৎ বরয়াঙ্কার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা. দেবাশিষ মৃধা ও চিনু মৃধা দীপা।
কালী বাড়ি মন্দিরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রথমেই ছোট ছোট শিশুরা নাচ, গান, ছড়া, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ পাঠ করে দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দেয়। স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ভক্তিমূলক গান ও কীর্তন দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে। এর পর ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচের পর্ব। মঞ্চস্থ করা হয় মহাভারতের অংশ বিশেষ। এতে অভিনয় করেন দিবাঞ্জন দীপ, দিপন চন্দ্র, তিশা সাহা প্রমুখ। সবশেষে আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ ও আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।