মিশিগানে নিরাপত্তাকর্মীর বন্দুক কেড়ে হাজতির গুলি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বেরিয়েন কাউন্টির আদালতে গতকাল সোমবারের হামলার পর তদন্ত চলছে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বেরিয়েন কাউন্টির আদালতে গতকাল সোমবারের হামলার পর তদন্ত চলছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আদালতের হাজতে থাকা এক ব্যক্তির গুলিতে আইন-বিষয়ক দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁদের এক সহকারীসহ দুজন।

গতকাল সোমবার হাজত থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীর বন্দুক কেড়ে নিয়ে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। পরে হামলাকারীকেও গুলি করে হত্যা করে নিরাপত্তাকর্মীরা।


বেরিন কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (শেরিফ) এল পল বেইলি জানান, ঘটনাটি প্রকাশ্যে ঘটে। হামলাকারী প্রথমে আদালতে থাকা এক ব্যক্তির হাতে গুলি করেন। আহত ব্যক্তিদের লেকল্যান্ড হেলথ ও সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


হামলাকারী কোন অভিযোগে আদালতের হাজতে ছিলেন, তা জানাননি বেইলি। তিনি বলেন, নিহত আইন-বিষয়ক কর্মকর্তারা ৩০ বছর ধরে তাঁর পরিচিত ছিলেন। তাঁদের মৃত্যুতে তিনি শোকাহত। আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার বন্ধ থাকবে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

কয়েক দিন আগেই ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।