মিশিগানে প্রবাসীদের পাশে আছেন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের কারণে মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কার্যত গৃহবন্দী। অঙ্গরাজ্যজুড়ে চলছে ‘স্টে হোম, সেভ লাইভস’ কর্মসূচি। এতে অনেকের কাজ বন্ধ। অনেকের ‘দিন আনি, দিন খাই’ অবস্থা। অর্থের অভাবে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যও মজুত করতে পারেনি। এদের জন্য কেউ আর্থিক আবার কেউবা পেশাগত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এমনই একজন নাজেল হুদা। তিনি করোনা সংকটের শুরু থেকেই ফেসবুকে লাইভের মাধ্যমে যেকোনো ধরনের সাহায্য–সহযোগিতা দেওয়ার কথা বলছেন। সেই সঙ্গে তিনি দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। নাজেল হুদা শুধু এই করোনা সংকটেই নয়, সারা বছরই তিনি কমিউনিটির নানা প্রয়োজনে এগিয়ে আসেন।
সবে দেশ থেকে এসেছেন। এদের কেউবা কাজে মাত্র ঢুকেছেন, কারও এখনো কাজই জোটেনি। এসেই পড়েছেন করোনা–বিপদে। তাদের এই বিপদে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান। তিনি ফেসবুক লাইভে এক ঘোষণায় বলেন, সদ্য দেশ থেকে আসা বাংলাদেশিদের পাশে দাঁড়াবে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (ব্যাপাক)। তিনি বলেন, ইতিমধ্যে ব্যাপাকের পক্ষ থেকে তিনি নিজে, সৈয়দ সায়েদুল হক ও সেলিম আহমেদ হ্যামট্রাম্যাক ও ডেট্রয়েট শহরে বসবাসরত এমন ১০টি পরিবারকে চিহ্নিত করেছেন। প্রথম পর্যায়ে আগামী শুক্রবারের মধ্যে ৫টি পরিবারকে ৫০০ ডলার করে দেওয়া হবে। অন্য পাঁচটি পরিবারকে পরের শুক্রবার সমপরিমাণ অর্থ দেওয়া হবে। ব্যাপাক এই ১০ পরিবারকে মোট ১০ হাজার ডলার অর্থ সাহায্য দেবে।
তরুণ মর্টগেজ ব্যাংকার নাফিসা হোসেইন যেকোনো পেশাগত সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশি আমেরিকানদের প্রতি। ট্রাম্প সরকার ঘোষিত সুযোগ-সুবিধা গ্রহণে বিনা পয়সায় প্রবাসীদের সহযোগিতা করবেন তিনি। যেকোন সময় তার সঙ্গে সরাসরি অথবা ফোনে যোগাযোগ করা যাবে। যোগাযোগের ঠিকানা: ৬১৫ ডব্লিউ লাফায়েতে বুলেভার্ড, ডেট্রয়েট, এমআই ৪৮২২৬ অথবা ফোন করা যাবে ৩১৩-৩৭৩-১২৩৯ এই নম্বরে।
বেকার প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে এগিয়ে এসেছেন মঞ্জুরুল করিম। তিনি বিনা মূল্যে সরকারি বেকার ভাতা ফাইল করে দেবেন যে কাউকে। যারা এখনো বেকার ভাতা ফাইল করেননি, তাদের এই ফোন নম্বরে ৩১৩ ৯৫৭ ১৮৫৩ যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। একইভাবে বিনা মূল্যে সরকারি বেকার ভাতা ফাইল করে দেবেন আবদুল জব্বার। তার সঙ্গে ৩১৩-৪১৫-৫৯৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। খাজা আফজলও ফ্রিতে সরকারি বেকার ভাতা ফাইল করে দেবেন। তাঁর সঙ্গে ৫৮৬-৯৩০-৮৫৩৭ নম্বরে যোগাযোগ করা যাবে।