মিশিগানে বাংলা চলচ্চিত্র উৎসব

মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দু দিনব্যাপী বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে বাংলা চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা শামীম শহীদের সার্বিক তত্ত্বাবধানে ৮ ও ৯ জুন আয়োজিত এ উৎসবের প্রথম দিনে ক্লোসন সিটির ক্লোসন হাইস্কুলের পারফর্মিং আর্টস সেন্টার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
প্রথম দিনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যাঞ্জেল অব হেল’, ‘PATH’ ও ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ প্রদর্শিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাড়তি আকর্ষণ।
আফরিন সাদিয়া রতি ও জাহিদ জিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিশিগান বাংলাদেশি কমিউনিটির প্রাণপুরুষ ও জেনারেল মোটরস কোম্পানির সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার ফেরদৌস গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ও মিশিগান বাংলাদেশি কমিউনিটির নেতা ড. দেবাশীষ মৃধা ও তাঁর স্ত্রী চিনু মৃধা।
দ্বিতীয় দিনে ডেট্রয়েট শহরের বেল এয়ার লাক্সারি সিনেমার পর্দায় প্রদর্শিত হয় ওপার বাংলার আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভবিষ্যতের ভূত’। নির্দিষ্ট ফটো বুথে আগত দর্শকেরা সেলফি ও গ্রুপ ছবি তোলায় ব্যস্ত সময় কাটান। অনুষ্ঠানে ফোটোগ্রাফিতে সহায়তা করেন মিশিগানের ইমরান হোসাইন।
ঈদের পরের উইকেন্ডেই প্রথম এ ধরনের আয়োজনে আগত দর্শকেরা ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাঁরা অনুষ্ঠানের মূল আয়োজক শামীম শহীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
উল্লেখ্য, ইতিপূর্বে শামীম শহীদের আয়োজনে মিশিগানের ট্রয় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে একই ভেন্যুতে মিশিগান বৈশাখী মেলা, শীতের পিঠা উৎসব, বাংলা নাটক প্রদর্শনীসহ বেশ কয়েকটি সফল অনুষ্ঠান হয়েছে।