মিশিগানে বাঙালির পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগান পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিদেরা
মিশিগান পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিদেরা

মিশিগান অঙ্গরাজ্যের ক্লো’সন শহরে মিশিগান বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রথম পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর বিকেল পাঁচটায় শহরের ক্লো’সন হাইস্কুল অডিটোরিয়াম মিলনায়তনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। টাটকা চালে তৈরি বাঙালির ঐতিহ্যবাহী বাহারি পিঠা পুলি শোভা পায় অডিটোরিয়ামের ভেতরে স্টলগুলোতে। নানা স্বাদের পিঠার মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। মূলত শীত ঋতুর শুরু থেকেই বাঙালির চিরাচরিত ঐতিহ্যের ধারাবাহিকতায় সুদূর মার্কিন মুলুকেও শুরু হয় পিঠার উৎসব।
বছরের প্রথম পিঠা উৎসবে মিশিগানপ্রবাসী বাংলাদেশিদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শুরু হয় স্থানীয় শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ফারহানা ইলোরা হোসাইন। তাঁর সঙ্গে দ্বৈত সংগীতে ছিলেন পশ্চিম বাংলার তপন প্রভ। তবলা সহযোগিতায় জাফারী আল কাদরী, কী-বোর্ডে ছিলেন কাওসার চৌধুরী আর নৃত্যে ছিলেন মিঠুন ও রুমানা রাশিদ।

উৎসবে গান গাইছেন জনপ্রিয় সংগীত শিল্পী ফারহানা ইলোরা হোসাইন
উৎসবে গান গাইছেন জনপ্রিয় সংগীত শিল্পী ফারহানা ইলোরা হোসাইন

মানালিয়া, অনাহিতা, রুফাজ, রাইলিয়াহসহ খুদে শিল্পীদের নৃত্য ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। মূল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কমিউনিটির জনপ্রিয় উপস্থাপক তৌহিদা হক পলি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পী ফারহানা ইলোরা হোসাইনকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন কমিউনিটির প্রিয়মুখ সাইরা গাজী।
উৎসবে বাহারি পিঠায় সাজানো স্টলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—আরিফ শাকুয়া-রাখী আরিফ দম্পতি দলের ভাপা-পুলি বিরিয়ানি, সাদিয়া ও মায়ার সুইট & স্যাভরয় কাফে, এলিজাস পিঠা হাউস, তৌকির-সানিয়ার মিঠাই ব্যঞ্জন, শাওন ও তাঁর দলের বৈশাখী ঘরের খাবার, নাজিয়ার আকডুম বাকডুম, সিমির রংধনু পিঠা ঘর, শাম্মি আক্তার ও তাঁর দলের ঢেঁকি ছাটা, শিউলি মতিন ও আফনান আজনীহার ভেলপুরি হাউস ছিল অন্যতম। পাশাপাশি ছিল বাহারি শাড়ি ও গয়নার স্টল।
স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাতা শামীম শহীদ ছিলেন আয়োজনের মূল উদ্যোক্তা। তাঁকে সহযোগিতা করেন মোহাম্মদ হুসেইন, মোশারফ হোসাইন, মাহমুদুল খান আপেল প্রমুখ।