মিশিগানে বিক্ষোভ বাড়তে দেওয়া উচিত: ট্রাম্প

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে আমেরিকার মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে কম সহায়তা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সেখানে বিক্ষোভ বাড়তে দেওয়া উচিত।
রাজ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কম হওয়ায় গত সপ্তাহে গলফ ও মোটরচালিত নৌকা চলাচলের অনুমতি দিয়েছিলেন গভর্নর গ্রেচেন হুইটমার। কিন্তু গত ৩০ এপ্রিল ভাইরাসের বিস্তার রোধে ২৮ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়িয়েছেন গভর্নর। এই সময় পর্যন্ত জিম, থিয়েটার, বার ও ক্যাসিনো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হুইটমার বলেন, করোনাভাইরাসের প্রভাব হয়তো কিছুটা কমেছে। কিন্তু তাই বলে অবহেলা করলে হবে না। সামাজিক দূরত্বসহ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এর ফলে ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবে।
হুইটমারের দেওয়া এই নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ব্যাপক বিক্ষোভ হয়। এতে ৮০০ থেকে প্রায় ১০০০ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা প্রতিনিধি পরিষদের অধিবেশন দাবি করেন এবং গভর্নরের নিষেধাজ্ঞা বাতিলের জন্য এমপিদের প্রতি আহ্বান জানান। কিছু কিছু বিক্ষোভকারী অস্ত্র নিয়ে গভর্নরকে হুমকি দেন বলে জানা যায়।
১ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এক টুইটার বার্তায় বলেন, মিশিগানের গভর্নর হুইটমারকে কম সহায়তা দেওয়া উচিত এবং বিক্ষোভ আরও বাড়তে দেওয়া উচিত। তিনি বিক্ষোভকারীদের ইঙ্গিত করে বলেন, তাঁরা খুবই ভালো মানুষ কিন্তু তাঁরা ক্ষুব্ধ। তাঁরা আবার আগের জীবনে ফিরতে চান। নিরাপদে থাকতে চান। গভর্নরের উদ্দেশে ট্রাম্প বলেন, 'তাঁদের (বিক্ষোভকারী) দিকে তাকান, তাঁদের সঙ্গে কথা বলুন এবং চুক্তি করুন।'
মিশিগানে করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। আক্রান্ত অতিক্রম করেছে ৪৩ হাজার। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২ মে থেকে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৫১ জন। এ নিয়ে মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪৩ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ২০ জনের।
জনস হপকিনস ইউনিভার্সিটি ও মেডিসিন করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, মিশিগান এখনো সংক্রমণের দিক থেকে সপ্তম স্থানে এবং মৃত্যুর দিক থেকে তৃতীয়। এর আগে রয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি।