মিশিগানে বিনোদনকেন্দ্র খুলছে ৯ অক্টোবর
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা কমছে। তবে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যেই রাজ্যে সিনেমা হল, থিয়েটার, বিঙ্গো হলসহ সব ধরনের বিনোদনকেন্দ্র আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর গ্রিচেন হুইটমার।
রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার ২৫ সেপ্টেম্বর বলেছেন, আগামী ৯ অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল, থিয়েটার, পারফরম্যান্স ভেন্যু, আইস রিঙ্কস, বিঙ্গো হল (হাউজি, বাম্পার), বোলিং সেন্টার, ইনডোর আরোহণের সুবিধা ও ট্রামপোলিন পার্ক আবার খুলে দেওয়া হতে পারে।
রাজ্যে আগে ঘরের ভেতর ১০ জনের বেশি মানুষের সমাবেশ এবং ঘরের বাইরে সমাবেশে ১০০ জনের বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ ছিল
করোনার কারণে গত মার্চ মাস থেকে রাজ্যের এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গভর্নরের জারি করা এক নির্বাহী আদেশে ২৫ সেপ্টেম্বর জানানো হয়েছে, রাজ্যের অভ্যন্তরীণ পারফরম্যান্স ভেন্যুতে প্রতি এক হাজার বর্গফুটে ২০ জন মানুষ উপস্থিত থাকতে পারবেন। নির্দিষ্ট আসনের ভেন্যুতে ধারণ ক্ষমতার ২০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। আগে ঘরের ভেতর ১০ জনের বেশি মানুষের সমাবেশ এবং ঘরের বাইরে সমাবেশে ১০০ জনের বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ ছিল।
নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, রাজ্যের অভ্যন্তরীণ পারফরম্যান্স ভেন্যুতে প্রতি এক হাজার বর্গফুটে ২০ জন মানুষ উপস্থিত থাকতে পারবেন। নির্দিষ্ট আসনের ভেন্যুতে ধারণ ক্ষমতার ২০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন
ডেট্রয়েট নগরীর ভেন্যু অপারেটররা গভর্নরের এ ঘোষণাকে আশাব্যঞ্জক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন। মিশিগানে ইতিমধ্যেই গাড়ির কারখানা, ব্যবসা-বাণিজ্য ও জিম বিধিনিষেধসহ সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে।
এদিকে মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, মিশিগানে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছে ৯২৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আটজনের। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭০৮ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৬ জনের। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত ৯০ হাজার মানুষ সুস্থ হয়েছেন।