মিশিগানে বৈশাখী মেলা

মানচিত্র আর সীমানায় বাধা থাকে না বাংলা ভাষা ও সংস্কৃতি। পয়লা বৈশাখে বাংলা নতুন বছর শুরু হলেও এখনো দেশে-বিদেশে চলছে বর্ষবরণের নানা আয়োজন। এ ক্ষেত্রে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের থেকে পিছিয়ে নেই প্রবাসী অধ্যুষিত মিশিগান অঙ্গরাজ্য। এরই মধ্যে বিভিন্ন সংগঠনের ব্যানারে এখানে আয়োজিত হয়েছে বেশ কয়েকটি বৈশাখী মেলা। গত ১৪ এপ্রিল থেকেই মিশিগানে শুরু হয়েছে নতুন বছরকে বরণের আয়োজন। এ ধারাবাহিকতায় আগামী জুনে দুটি ও জুলাই মাসে একটি বড় বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে মিশিগানে।
সর্বশেষ ৫ মে ডেট্রয়েট ডাউন টাউনের কোব হল সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে একটি বৈশাখী মেলা। এতে মিশিগানে বসবাসকারী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। এ মেলায় যোগ দিতে মিশিগানের বিভিন্ন শহর থেকে ডেট্রয়েটে ছুটে আসেন প্রবাসী বাঙালিরা। মেলা প্রাঙ্গণে বসে দেশীয় কাপড় ও খাবারের নানা স্টল। বিশেষ করে চটপটি ও নানা ধরনের দেশীয় আচারের স্টলগুলোয় মেলায় আগতদের ভিড় ছিল লক্ষণীয়।
মেলায় প্রধান অতিথি ছিলেন ডেট্রয়েট সিটি মেয়র মাইক ডুগান। তিনি উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সাবেক সিনেটর ও গভর্নর পদপ্রার্থী গ্রিচেন হোয়াইটমেরকে ভোট দেওয়ার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনেটর ও গভর্নর পদপ্রার্থী গ্রিচেন হোয়াইটমের। উপস্থিত ছিলেন গভর্নর পদপ্রার্থী আব্দুল এল সাঈদসহ আরও অনেকে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল মিশিগান থেকে প্রকাশিত বাংলাদেশি পত্রিকা ‘বাংলা সংবাদ’।
মেলা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এর পর একে একে নানান পরিবেশনা চলতে থাকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী ও মিশিগানের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। বিশেষত ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের পরিবেশনা ছিল বেশ উপভোগ্য।
নিউজার্সি থেকে মেলায় এসেছেন সমাজ সেবক ও সংগঠক মাহতাবুর রহমান টিপু। মেলা সম্পর্কে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে মেলায় এসে। আমি নিউজার্সিতে থাকলেও আমার পরিবার থাকেন মিশিগানে। আমি চেষ্টা করি মিশিগানে অনুষ্ঠিত প্রতিটি মেলা ও পিকনিকে সপরিবারে অংশ নিতে। আমি চাই আমার ছেলে-মেয়ে যেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য শেখে। এ ধরনের আয়োজনে আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে আসার। এতে করে তারা বাংলা সংস্কৃতি সম্পর্কে শিখতে ও জানতে পারবে।’