মিশিগানে ব্যতিক্রমী নববর্ষ উদ্যাপিত
মিশিগানে এবার এক ভিন্ন পরিস্থিতিতে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেই ১৪ এপ্রিল ব্যতিক্রমী এক নববর্ষ উদ্যাপন করল বাঙালি সম্প্রদায়।
নববর্ষের এই দিনে পরস্পরের সঙ্গে সাক্ষাতে কেউ কোলাকুলি না করলেও শুভেচ্ছা বিনিময়, অভিনন্দন, আশীর্বাদ দেওয়া-নেওয়াতে কোনো ঘাটতি ছিল না। রাত পোহানোর পর থেকেই একে অন্যের সঙ্গে ফোনে, ভিডিও কলে, সামাজিক যোগাযোগমাধ্যমে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে এই দুর্যোগময় সময় যাতে কাটিয়ে উঠে সুন্দর এক ভোরের আলোয় ভরে ওঠে সারা পৃথিবী, সেই কামনাও করেন সবাই।
নাগরিক ব্যস্ততায় আগে যা ছিল সৌজন্য, লকডাউনের কারণে এখন তা না থাকলেও মানুষে-মানুষে দূরত্ব আগের চেয়ে কমেছে। যার সঙ্গে আগে তেমন সম্পর্ক ছিল না, তিনিও এখন ফোনে খোঁজ নিচ্ছেন, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। এটি সমাজের জন্য খুবই ইতিবাচক।
একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, এবার নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি তাদের ছিল। তাঁরা তাঁদের সংগঠনের সদস্যদের জন্য পায়জামা-পাঞ্জাবি, শাড়ি ইত্যাদি বাংলাদেশ থেকে আনিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবকিছু বাতিল হয়ে গেল। অনেকের বিশ্বাস এপ্রিলের শেষে হয়তো এ তাণ্ডব কমবে। সে ক্ষেত্রে মে মাসের কোনো এক সময় নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যাবে।
এদিকে মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে ডেট্রয়েট দুর্গা মন্দিরে কোয়ারেন্টিনের এই সময়ে শিশু-কিশোরদের জন্য এক চিত্রাঙ্কন ও লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘করোনা প্যান্ডেমিক’ এবং লেখার বিষয় হচ্ছে ‘আমরা কীভাবে ভবিষ্যতে করোনাভাইরাসের মহামারি রোধ করতে পারি’। বয়সভিত্তিক চারটি গ্রুপে শিশু-কিশোরেরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক গ্রুপের প্রথম স্থান অধিকারী পাবেন ১৫০ ডলার মূল্যের ক্যাশ কার্ড ও সনদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ১০০ ও ৫০ ডলার মূল্যের ক্যাশ কার্ড ও সনদ। ছবি ও লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২০। মৃধা ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।