মিশিগানে মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্তের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮৯ জন মারা গেছেন, যা আগের দিনের তুলনায় অনেক বেশি। আগের দিন অর্থাৎ ২৪ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১০৮ জন।

মৃত্যুর সংখ্যা বাড়লেও আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে আক্রান্তের সংখ্যা। এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। মিশিগান স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৬২ জন, যা গত ২৪ এপ্রিল ছিল ১ হাজার ৩৫০ জন। এ পর্যন্ত মিশিগানে করোনায় মারা গেছেন ৩ হাজার ২৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২০৩ জন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৪২ জন।

৮ এপ্রিল পর্যন্ত মিশিগানে করোনাভাইরাস আক্রান্তমাত্র ৫৬ জন সুস্থ হয়েছিলেন। মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্ক, নিউজার্সির পর তৃতীয় স্থানে রয়েছে মিশিগান অঙ্গরাজ্য।

মিশিগানের স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মিশিগানে সর্ব কনিষ্ঠ যে শিশুটি (শিশুকন্যা) কয়েক দিন আগে মারা গেছে, তার বয়স ছিল ৫ বছর।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমারের ‘স্টে হোম’ আদেশ ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করায় কেউ কেউ যেমন সমালোচনা করছেন, তেমনি অনেকে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন, শেয়ার করছেন।

কিছু কিছু ক্ষেত্রে আইনের শিথিলতা থাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে গলফ, বোটিং ও ঘাস কাটতে অনেককে দেখা গেছে।

রিপাবলিকান দলের স্টেট সিনেটর ডেল জর্ন কনফেডারেটের মতো একটি মাস্ক পরায় গতকাল শনিবার ক্ষমা চেয়েছেন। গত শুক্রবার রাজ্যের রাজধানী ল্যানসিংয়ে সিনেট ভোটের সময় জর্ন এ ধরনের একটি মাস্ক পরেছিলেন।

জর্ন এক টুইট বার্তায় বলেন, ‘আমি কাউকে অপমান করার জন্য তা করিনি। তবে আমি বুঝতে পেরেছি, আমি যা করেছি তার জন্য আমার ক্ষমা চাওয়া উচিত। আমি দুঃখিত।’

এদিকে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা কমিউনিটিতে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।