মিশিগানে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসবে মিশিগান মাতাতে কলকাতা ও মুম্বাই থেকে আসছেন এক ঝাঁক শিল্পী
শারদীয় দুর্গোৎসবে মিশিগান মাতাতে কলকাতা ও মুম্বাই থেকে আসছেন এক ঝাঁক শিল্পী

ডেট্রয়েটের ভোরে এখন শরতের প্রথম শিশির। শরতের আগমন বাঙালিকে কেমন যেন আনমনা করে তোলে। শরৎ মানেই উৎসব। আর এই শরতেই আসে দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে সামনে রেখে মিশিগানের বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলোতে চলছে এখন পূজার ব্যাপক প্রস্তুতি।
আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর দুর্গা পূজা। প্রবাসে বেশির ভাগ সময়ই তিথি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হয় উইক ডেইজে এবং সেলিব্রেশন হয় উইকএন্ডে। কিন্তু এবার পূজার তিথিই পড়েছে শুক্র, শনি ও রোববার। তাই এবার পূজা হচ্ছে সপ্তাহান্তে।
ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন কাপড়ের দোকানে প্রতিদিনই ভিড় বাড়ছে। বিভিন্ন দোকানে পূজা উপলক্ষে বিশেষ ছাড় (সেল) চলছে। প্রতিটি সংগঠন ও মন্দির তাদের পূজাকে আকর্ষণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আঙ্গিকে সাজাচ্ছে। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে এবার কলকাতা ও মুম্বাই থেকে এক ঝাঁক গানের শিল্পী ও কলাকুশলী আসছেন বলে জানা গেছে।
মিশিগানের যেখানে যেখানে দুর্গা পূজার অনুষ্ঠান হবে সেগুলো হলো—
বিচিত্রা: ৪, ৫ ও ৬ অক্টোবর কমার্স চার্টার টাউন শিপের ওয়ালড লেইক সেন্ট্রাল হাইস্কুলে পূজা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর রাত সাড়ে আটটায় ‘বলিউড নাইট’-এ গান গাইবেন শ্রেয়াসী ভট্টাচার্য। ৫ অক্টোবর বিকেল সাড়ে চারটায় আগমনী নৃত্য শ্রেয়সী দে ও তাঁর সঙ্গীরা, রাত সাড়ে আটটায় গাইবেন কলকাতার বাংলা ব্যান্ডের সুরজিত ও তাঁর বন্ধুরা। ৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় আধুনিক বাংলা গান গাইবেন কলকাতার বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য।
বিচিত্রা ইন্‌ক: বিচিত্রা ইন্‌ক-এর আয়োজনে ৪, ৫ ও ৬ অক্টোবর বেভারলি হিলস সিটির বার্কশায়ার মিডল স্কুলে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ৬ অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বার্মিংহাম সিটির আর্নেস্ট সেহাম হাইস্কুলে। অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়। গান গাইবেন কলকাতা থেকে আসা জনপ্রিয় ‘এ তুমি কেমন তুমি’ গানের শিল্পী রুপঙ্কর বাগচী।
স্বজন: আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর লিভনিয়া সিটির আডলাই স্টিভেনসন হাইস্কুলে দুর্গা পূজায় স্বজনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বজনের প্যান্ডেলে থাকে আধুনিকতার ছাপ। ৪ অক্টোবর অনুষ্ঠানে গাইবেন শিসপ্রিয়া ব্যানার্জি। ৫ অক্টোবর গাইবেন বলিউডের শিল্পী মনীষা কর্মকার এবং ৬ অক্টোবর গাইবেন সুপ্রতীপ ভট্টাচার্য।
দুর্গা মন্দির: দুর্গা মন্দিরের পূজা হবে ডেট্রয়েট দুর্গা মন্দিরে। ৫ অক্টোবর ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধি পূজা করা হবে। সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন সৌমেন নন্দী।
কালীবাড়ী: ওয়ারেন কালীবাড়ীতে আগামী ৪,৫ ও ৬ অক্টোবর দুর্গা পূজা উদ্‌যাপিত হবে। থাকবে শিশু-কিশোরদের আকর্ষণীয় নাটক। ৬ অক্টোবর সংগীত পরিবেশন করবেন পৌষালি ও তাঁর সঙ্গীরা।
ওয়েস্টার্ন মিশিগান বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন: পূজা হবে আডা সিটির ওয়েস্টার্ন মিশিগান হিন্দু টেম্পলে। পূজা শুরু হবে সকাল ১০টায়। থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ট্রাই সিটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন: ২৮ ও ২৯ সেপ্টেম্বর পূজা অনুষ্ঠিত হবে সাগিনো সিটির টেম্পল ড্রাইভে। থাকবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ সেপ্টেম্বর বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।