মিশিগানে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে জয়নুল ইসলাম (৪৮) নামে এক বাংলাদেশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ডেট্রয়েট শহরের মিডটাউনের কাছে ২৪ মে স্থানীয় সময় রাত সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে। ওই দিন তারাবির নামাজ শেষে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হওয়ার পর পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জয়নুল ইসলাম। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জয়নুল ইসলাম ডেট্রয়েটের কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। তিনি রাতের শিফটে চেকার ক্যাব চালাতেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বর্নি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। তিনি সাত সন্তানের জনক। প্রতি দিনের মতো রাতে তারাবির নামাজ শেষে ট্যাক্সি নিয়ে কাজে বের হয়ে গুলিবিদ্ধ হন তিনি। তবে কেন কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সময় হঠাৎ গুলির শব্দে আশপাশের মানুষজন পুলিশে খবর দিলে রাস্তায় পড়ে থাকা তাঁর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে নিহত মোহাম্মদ জয়নুল ইসলামের জানাজা ২৬ মে ডেট্রয়েটের মসজিদ উন নূরে অনুষ্ঠিত হয়। এতে ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির অধিবাসীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাঁর মরদেহ স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়। ২৮ মে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, জয়নুল ইসলাম ডিভি লটারি ভিসায় পরিবার নিয়ে প্রায় ১৫ বছর আগে আমেরিকায় এসেছিলেন। বড় মেয়ের বিয়ে উপলক্ষে আগামী ২০ জুন তাঁর সপরিবারে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তাঁর অন্য সন্তানদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক।