মিশিগানে সিম্ফনি ক্লাবের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে নানা আয়োজনে যাত্রা শুরু করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সিম্ফনি ক্লাব’
খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে নানা আয়োজনে যাত্রা শুরু করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সিম্ফনি ক্লাব’

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে মিশিগানে যাত্রা শুরু করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সিম্ফনি ক্লাব’। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত অবধি ওয়ারেন সিটির ‘দেশি হলে’ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিনোদনের বিভিন্ন পসরা নিয়ে হাজির হয়েছিলেন খুদে ও শিশু শিল্পীরা।

প্রথমে দুই ভাগে শিশু-কিশোর ও কিশোরীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। গানের অনুষ্ঠান ‘খাড়ব’ এ অংশ নেয় স্থানীয় কিশোরী ও তরুণীরা। ছোট ছোট নৃত্য শিল্পীদের নূপুরের রুনুঝুনু আওয়াজে মুগ্ধ হন নৃত্যানুষ্ঠান ‘সত্রীয়া’র দর্শকেরা। উপস্থিত দর্শক ও শ্রোতারা সবচেয়ে বেশি আনন্দিত হন ও উপভোগ করেন শুধু মহিলাদের অংশ গ্রহণে নাটক ‘শাটআপ’ দেখে। মিশিগানে এ ধরনের উপস্থাপনা এই প্রথম। এরপর ছিল উপস্থিত দর্শকদের অংশ গ্রহণে বিনোদন মূলক অনুষ্ঠান ‘চুমকুড়ি’। এতে সব বয়সের দর্শকেরা অংশ নেন। প্রবীণ নারী-পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল খুবই প্রাণবন্ত ও আকর্ষণীয়। সিম্ফনি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। এরপর ছিল মন্ট্রিয়েল থেকে আগত অতিথি শিল্পী আশরাফুল পাভেলের একক সংগীত সন্ধ্যা। তাঁর গানে দর্শক শ্রোতারা মুগ্ধ। দর্শকদের অনুরোধে কয়েকটি লোকগীতি তিনি পরিবেশন করলে উপস্থিত দর্শকরাও তার সঙ্গে গাইতে ও নাচতে থাকেন। রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বালন ও কেক কাটার মাধ্যমে মিশিগানে সিম্ফনি ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কেন এই ক্লাব, কী তার উদ্দ্যেশ্য—এ নিয়ে উদ্যোক্তারা সংক্ষেপে বক্তব্য দেন। উপস্থিত সবাই ক্লাবের সাফল্য কামনা করেন। সবশেষে ছিল র‍্যাফেল ড্র। স্নেহা ও পূজার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। সিম্ফনি ক্লাবের উদ্যোক্তাদের একজন বিজিত ধর মনি। তিনি আলাপকালে বলেন, ‘আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয় তাতে শিশু-কিশোর ও প্রবীণ ব্যক্তিদের কোনো অংশগ্রহণ থাকে না বললেই চলে। আমাদের প্রতিটি অনুষ্ঠানই সাজানো হবে এদের নিয়ে। এখানে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে আমাদের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে তা দূর করতে আমরা চেষ্টা করব। তা ছাড়া আমাদের গর্ব করার মতো যে বাঙালি কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি রয়েছে তা তাদের বুঝতে হবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের মাধ্যমে। বাঙালি কমিউনিটিকে এখানের মূলধারার রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে আমরা কাজ করব।’