মিশিগানে স্কুলে গিয়ে দুই শিক্ষার্থী করোনায় সংক্রমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল চালুর প্রতিবাদে ডেট্রয়েটে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বিক্ষোভ করেছে প্রতিবাদকারীরা। এরই মধ্যে স্কুল শুরু হলে দুই শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়। ছবি: সংগৃহীত
স্কুল চালুর প্রতিবাদে ডেট্রয়েটে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বিক্ষোভ করেছে প্রতিবাদকারীরা। এরই মধ্যে স্কুল শুরু হলে দুই শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়। ছবি: সংগৃহীত

মিশিগানের ডেট্রয়েটে সামার স্কুলের ২৭৪ শিক্ষার্থীর মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ডেট্রয়েটের পাবলিক স্কুল কমিউনিটি ডিস্ট্রিক্টে ওই শিক্ষার্থীরা সামার ক্লাসে অংশ নিয়েছিল বলে স্কুলটির কর্মকর্তারা জানিয়েছেন।

করোনায় সংক্রমিত শিক্ষার্থীদের সেলফ কোয়ারেন্টিনে রাখতে তাদের পরিবারকে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে। স্কুলের শিক্ষকসহ যেসব কর্মকর্তা ওই শিক্ষার্থীদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্কুলের সব শিক্ষার্থীর করোনা পরীক্ষার নির্দেশনা চেয়ে একটি সামাজিক সংগঠন, শিক্ষক ও অভিভাবকেরা স্কুল ডিস্ট্রিক্টে মামলা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২১ জুলাই একজন ফেডারেল বিচারক ডিপিএসডির সামার স্কুলের সব শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেন। স্কুল ডিস্ট্রিক্টে ৬৩০ থেকে ৬৫০ জন শিক্ষার্থী। তবে সবাই ক্লাসে উপস্থিত ছিল না।

ডিস্ট্রিক্টের মুখপাত্র ক্রিসটাল উইলসন বলেন, স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে যারা ক্লাসে যোগ দিতে চায়, তাদের সবার করোনা পরীক্ষা করানো উচিত। আদালতের নির্দেশনা অনুযায়ী, ২৭ জুলাইর মধ্যে করোনা পরীক্ষা করে ক্লাসে আসতে হবে। ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের সঙ্গে এ বিষয়ে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হচ্ছে।