মিশিগানে ৫০ জনের জনসমাগম নিষিদ্ধ

করোনাভাইরাসের বিস্তার রোধে মিশিগান স্টেটের গভর্নর গ্রেচেন হুইটমার তাঁর আগের নির্দেশনায় কিছুটা সংশোধনী এনেছেন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসমাগমের ক্ষেত্রে ২৫০ জনের স্থলে ৫০ জন করেছেন তিনি।
এবার কোনো স্থানে একসঙ্গে ৫০ জন মিলিত হওয়া যাবে না। আগামী ৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে সংশোধিত নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সুপারিশের আলোকে এই নির্দেশনা জারি করা হয়। তবে এই নিষেধাজ্ঞা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিভাগ বা সংস্থা, মিশিগান আইনসভা, গণপরিবহন, মুদি দোকান, কনস্ট্রাকশনের ক্ষেত্রে কার্যকর হবে না।
গভর্নর এক বিবৃতিতে বলেছেন, আমার এক নম্বর প্রাধান্য হচ্ছে করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করা। এ জন্য কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। কারণ আমাদের স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালো থাকি। না হলে আমরা ভেঙে পড়ি। তাই এই কঠোর পদক্ষেপই জীবন রক্ষা করতে পারে। ৫০ জনের বেশি মানুষের সমাবেশ ঘটতে পারে এমন অনুষ্ঠানও বাতিল করতে নির্দেশনা দেওয়া হয়। এ জন্য জিম, সিনেমা হল, অডিটোরিয়াম, থিয়েটার বা গ্যালারিও বন্ধ রাখার নির্দেশনা আগে দেওয়া হয়। নতুন নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জরিমানার শিকার হতে হবে। সিডিসি আগামী আট সপ্তাহ পর্যন্ত সব জনসমাবেশের অনুষ্ঠান বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। কারণ এই জনসমাবেশ থেকে করোনাভাইরাসের বিস্তার ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন।