মিশিগানে ৮৬ পরিবারে বিএডিসির খাদ্য বিতরণ

মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) উদ্যোগে ২১ এপ্রিল হ্যামট্রামিক, ডেট্রয়েট, ওয়ারেন, শেলবি টাউনশিপ ও ল্যানসিং শহরে মোট ৮৬টি পরিবারের মধ্যে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা দেওয়া পরিবারগুলোর অধিকাংশ নতুন অভিবাসী ও শরণার্থী। অনেকে আছেন বেকার এমনকি গাড়ি বা কোনো স্বাস্থ্যবিমাও নেই। তারা সরকারি সহযোগিতা যেমন বেকারত্ব ভাতা এবং ফুড স্ট্যাম্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শারীরিকভাবে অচল। করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিপদে পড়া এসব পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পাশে এসে দাঁড়ায় মিশিগান আমেরিকান ডেমোক্রেটিক ককাস।
পাশাপাশি বেশ কয়েকটি বাংলাদেশি আমেরিকান, আফ্রিকান আমেরিকান, হোয়াইট আমেরিকান, রোহিঙ্গা ও সিরীয় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারের মধ্যে ৫০ পাউন্ড চাল, ২৫ পাউন্ড ময়দা, ১ জার রান্নার তেল, মসুর ডাল (টাইপ ১) ৮ পাউন্ড, মসুর ডাল (টাইপ ২) ৮ পাউন্ড, ১০ পাউন্ড পেঁয়াজ, নিডো মিল্ক পাউডার, চিনি, লবণ, বেসন, খেজুর ১ ব্যাগ করে বিতরণ করা হয়। এ ছাড়া রান্নার বিভিন্ন উপকরণ ও ফেস মাস্ক দেওয়া হয়।
আলামিন গ্রোসারি ও জমির গ্রোসারি থেকে সংগ্রহ করা খাদ্য সামগ্রী এমআই-বিএডিসি নেতাদের তত্ত্বাবধানেবিতরণ করা হয়।
ফুড বাস্কেট বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান ও বর্তমান প্রেসিডেন্ট মুহিত মাহমুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন বিএডিসির সম্পাদক জিয়া হক, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান রেজাউল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাউসার দেওয়ান, মোহাম্মদ সোলায়মান ও আজিজ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সেক্রেটারি ফর স্মল বিজনেস অ্যাফেয়ার্স আবুল আজাদ, সেক্রেটারি ফর ইয়ুথ অ্যাফেয়ার্স জিয়াউদ্দিন, বিএডিসির জয়েন্ট সেক্রেটারি মঞ্জুরুল করিম, কমিউনিটি নেতা কামরুজ্জামান প্রমুখ।
এ ছাড়া ফান্ড রাইজিং কমিটির দায়িত্বে ছিলেন ড. নাজমুল হাসান, ড. মো. আজিম, রিপা হক, ড. জাকিরুল হক, আরিফ মাহমুদ, মুহিত মাহমুদ, সাদেক সুমন, সোলায়মান বাহার, মনির জামান, আহম্মেদ খান জামি, সালমা সাইফ প্রমুখ।
এমআই-বিএডিসি ২২ এপ্রিল বাসমাহ ও এমএমএসির অর্থ সহায়তায় ৩৫ পরিবারের মধ্যে খাবারের ব্যাগ বিতরণ করে।