সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে করোনার সংক্রমণ
মিশিগানের ইসাবেলা কাউন্টিতে জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে (সিএমইউ) করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইসাবেলা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ পর্যন্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন। একটি পার্টিতে অংশ নিয়ে তাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
সেন্ট্রাল মিশিগান ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য কর্মকর্তা স্টিভ হল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তদন্তে প্রমাণিত হয়েছে, যারা করোনায় সংক্রমিত হয়েছেন তাঁরা বড় সামাজিক সমাবেশে অংশ নিয়েছিলেন। আগস্টের তৃতীয় সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে করোনা সংক্রমণ ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউনিভার্সিটি খোলার পর শিক্ষার্থীরা সংক্রমণ আরও বাড়ছে।
স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এখানে করোনায় সংক্রমিত ৯২ শতাংশের বয়স ১৮ থেকে ২৪ বছর।
তবে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির কর্মকর্তারা বলেছেন, তাঁরা এ সংবাদে অবাক হননি।
ইউনিভার্সিটির মুখপাত্র হেদার স্মিথ বলেন, ফল সেমিস্টারে ইউনিভার্সিটি খোলায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। আর এ থেকেই করোনায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এদিকে রাজ্যে গত এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কম থাকলেও গত তিন দিন থেকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।