মিশিগানের জরুরি অবস্থার মেয়াদ আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: মিশিগান গভর্নরের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অবস্থার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে জরুরি অবস্থা বলবৎ থাকবে।

গত ২৯ সেপ্টেম্বর রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছেন। গত মার্চ মাস থেকে রাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে। গত ৩ সেপ্টেম্বর গভর্নর এক ঘোষণায় রাজ্যে ১ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

গভর্নর গ্রিচেন হুইটমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে আমরা হাজারো জীবন বাঁচিয়েছি। আমাদের অর্থনীতি ও জনগণের স্বাস্থ্য ঝুঁকির জন্য জরুরি অবস্থার মেয়াদ আবার বাড়ানো হয়েছে। এই জরুরি অবস্থা শেষ হবে, এটা কয়েক মাসের বিষয়। পরিবার, ফ্রন্টলাইন কর্মী ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে।’

গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার ৫৪ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৬২ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৮৭ জনের

গভর্নর গত ২৫ সেপ্টেম্বর ঘোষণা করেছেন, ৯ অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল, থিয়েটার, বিঙ্গো হল (হাউজি, বাম্পার), বোলিং সেন্টার, ইনডোর আরোহণের সুবিধা ও ট্রামপোলিন পার্ক পুনরায় খুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যে রাজ্যে বিধিনিষেধ আরোপ করে মোটর কারখানা, ব্যবসা-বাণিজ্য, জিম ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে।

এদিকে মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার ৫৪ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৬২ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৮৭ জনের। করোনায় সংক্রমিত ৯৫ হাজার ৫১ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন।