মিশিগানের জরুরি সেবাকর্মীদের পাশে সালমা সুলতানা
মিশিগানে করোনাভাইরাসের মহামারির সময়টিতে অনেক বাঙালিই মানুষের দিকে বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। এমনই একজন সালমা সুলতানা। মিশিগানের বিভিন্ন হাসপাতাল ও পুলিশ বিভাগের কর্মী, যারা জরুরি সেবার কাজে নিয়োজিত, তাঁদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছেন তিনি।
সালমা সুলতানা প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নিজের সামর্থ্য অনুযায়ী জরুরি সেবাকর্মীদের মধ্যে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড বিতরণের কাজ শুরু করেন। এর পর এগিয়ে আসে তাঁদের সংগঠন ‘গ্রেটার ক্যান্টন বাংলাদেশি গ্রুপ’।
সালমা সুলতানা জানান, তাঁদের প্রথম প্রজেক্ট ছিল মিশিগান ফুড ড্রাইভকে সহযোগিতা করা। সে অনুযায়ী সবাই মিলে কাপড়ের মাস্ক বানিয়ে এবং অর্থ সংগ্রহ করে মিশিগান ফুড ড্রাইভকে সহযোগিতা করেন। এর পর চিলড্রেন ক্লিনিক অব মিশিগান ওয়ারেনকে গ্লাভস, ফেস শিল্ড সরবরাহ করা হয়। ক্যান্টন পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া হয় মাস্ক, হেনরি ফোর্ড ক্যান্টন শাখার চিকিৎসক ও নার্সদের মাস্ক ও ফেস শিল্ড দেওয়া হয়। এ ছাড়া হ্যামট্রাম্যাক পেডিয়াট্রিকসকে ফেস শিল্ড ও হাতে বানানো মাস্ক দেওয়া হয়।
সালমা সুলতানাদের এ উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনে ব্যাংকার সালমা সুলতানা জানান, কাজের অবসরে তিনি তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে এ কাজ করেন। তিনি বলেন, ‘এটা একটি চলমান প্রক্রিয়া। তাঁর এই উদ্যোগে যুক্ত হয়েছেন তাঁর স্বামী সাইফুল ইসলাম, ছেলে লতিফ মাসুদ ছাড়াও মোসাম্মাৎ হোসাইন, শর্মী হাসান, ডা. তাপসী, হেলেন হাবিব, রুমানা রাশিদ, সুমাইয়া করিম, নাফিসা জাহেদা, রিম্মী রহমান ও সাদিয়া তালুকদার।